প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৬
সময়: ০৬:৪৮ পিএম
গণভোটের রায় বাস্তবায়ন না হলে সংকট অনিবার্য: শফিকুর রহমান
গণভোটের গণরায় বাস্তবায়ন না হলে দেশে রাজনৈতিক সংকট তৈরি হবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার বাসভবনে টেলিভিশনের প্রধান নির্বাহীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।
ডা. শফিকুর রহমান বলেন, সংসদের ভেতরে ও বাইরে দেশের এবং জনগণের স্বার্থে সব ভালো কাজে জামায়াত সরকারকে সহযোগিতা করবে। একই সঙ্গে সরকারের জনস্বার্থবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে দলটি অবস্থান নেবে। এ অবস্থান হবে অহিংস, গঠনমূলক ও দায়িত্বশীল। রাজপথের সব আন্দোলনও নন-ভায়োলেন্ট বা অহিংস রাখতে চান বলে জানান তিনি।
সভা শেষে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার সাংবাদিকদের বলেন, দেশের বিদ্যমান জনদুর্ভোগ নিয়ে টেলিভিশনের শীর্ষ নির্বাহীদের সঙ্গে আলোচনা করেছেন জামায়াত আমির। এ সময় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বিদ্যুৎ ও গ্যাস সংকট, সন্ত্রাস এবং সংকীর্ণ দলীয়করণসহ জনজীবনের বিভিন্ন সমস্যা তুলে ধরা হয়।
তিনি বলেন, সভায় টেলিভিশনের শীর্ষ নির্বাহীরা জুলাই সনদ অনুযায়ী অনুষ্ঠিত গণভোটের বিষয়ে রাজনৈতিক দলগুলোর স্পষ্ট অবস্থান জানানোর প্রয়োজনীয়তার কথা বলেছেন। গণভোটের রায় বাস্তবায়নের বিষয়ে দলগুলোর পরিষ্কার বার্তা থাকা উচিত বলেও তারা মত দেন।
মিয়া গোলাম পরওয়ার বলেন, সংবাদ পরিবেশন গণমাধ্যমের দায়িত্বের পাশাপাশি জাতীয় ঐক্য, সার্বভৌমত্ব ও গণতন্ত্রকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রেও গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। জামায়াতের কোনো ত্রুটি-বিচ্যুতি থাকলে তা খোলামেলাভাবে তুলে ধরে গঠনমূলক সমালোচনা করার জন্য সাংবাদিকদের আহ্বান জানিয়েছেন জামায়াত আমির।
মতবিনিময় সভায় টেলিভিশনের শীর্ষ নির্বাহীরা চাকরির নিরাপত্তাসহ বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। বিশেষ করে প্রিন্ট মিডিয়ার তুলনায় ইলেকট্রনিক মিডিয়ায় বেতন কাঠামো ও ওয়েজ বোর্ডসহ কাঠামোগত বিভিন্ন সুবিধার ঘাটতির বিষয়টি তারা জানান।
এসব সমস্যা যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে তুলে ধরার পরামর্শ দেওয়া হয়েছে এবং সমস্যাগুলোর সমাধানে কার্যকর ভূমিকা রাখার বিষয়ে জামায়াত আমির আশ্বস্ত করেছেন বলে জানান মিয়া গোলাম পরওয়ার।
মতবিনিময় সভায় বিভিন্ন টেলিভিশন চ্যানেলের প্রধান নির্বাহী, সম্পাদক ও হেড অব নিউজরা অংশ নেন। এ সময় জামায়াতের কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের নেতারাও উপস্থিত ছিলেন।