অভয়নগরে পারিবারিক কলহে যুবকের আত্মহত্যা

আমিনুর রহমানঃ

‎যশোরের অভয়নগর উপজেলার একতারপুরে নিজ বাড়ি থেকে জাফর ইকবাল নামে এক যুবকের গলায় ফাঁস দেওয়া মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার সকালে এ ঘটনা ঘটে। জাফর শিকদার পাড়ার আব্দুল ওহাব সরকারের ছেলে।পেশায় তিনি একজন ভ্যানচালক ছিলেন। 
‎স্থানীয় সূত্রে জানা গেছে, জাফরের সঙ্গে তার স্ত্রীর দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক বিরোধের জের ধরে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন। তবে তার মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।
‎স্থানীয়রা জানান, বুধবার সকালে জাফরের ঘরের দরজা দীর্ঘ সময় বন্ধ থাকায় প্রতিবেশীদের সন্দেহ হয়। পরে তারা দরজা ভেঙে ঘরের ভেতরে প্রবেশ করে জাফরকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় দেখতে পান। তাকে দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
‎খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।
‎অভয়নগর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) শেখ লুৎফর রহমান জানিয়েছে, জাফরের মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে। এটি আত্মহত্যা নাকি মৃত্যুর পেছনে অন্য কোনো কারণ রয়েছে, তা ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্ত শেষে স্পষ্ট হবে।
‎এইমুহুর্তে একটি অপমৃত্যুর মামলা দায়ের প্রক্রিয়া চলছে।
‎এদিকে জাফরের আকস্মিক মৃত্যুর ঘটনায় একতারপুর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।