সোনারগাঁয়ে সোলার প্যানেলে অটোরিকশা চার্জ, বিদ্যুতের চাপ কমাতে মনির মিয়ার উদ্যোগ

এস এম মিঠু,সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

জাতীয় বিদ্যুৎ গ্রিডের ওপর চাপ কমানো এবং নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর লক্ষ্যে ব্যক্তিগত উদ্যোগে সোলার প্যানেল স্থাপন করে অটোরিকশা চার্জ দেওয়ার ব্যবস্থা করেছেন নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সনমান্দী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ঈমানের কান্দী গ্রামের বাসিন্দা মো. মনির মিয়া।

ক্রমবর্ধমান বিদ্যুৎ চাহিদার মধ্যে বিকল্প ও পরিবেশবান্ধব জ্বালানির ব্যবহার বাড়াতে নিজ বাড়িতে সোলার প্যানেল স্থাপন করেছেন তিনি। এর মাধ্যমে নিজের দৈনন্দিন বিদ্যুৎ চাহিদা পূরণের পাশাপাশি অটোরিকশা চার্জ দেওয়ার প্রয়োজনীয় বিদ্যুতের একটি অংশ সৌরশক্তি থেকে সংগ্রহ করছেন বলে জানান মনির মিয়া।

মনির মিয়া বলেন, “দেশে বিদ্যুতের চাহিদা ক্রমেই বাড়ছে। এ বিষয়টি বিবেচনায় নিয়ে নিজ উদ্যোগে সোলার প্যানেল স্থাপন করেছি। এখন ২৪ ঘণ্টা বিদ্যুতের সুবিধা পাচ্ছি। এতে বিদ্যুৎ সাশ্রয়ের পাশাপাশি জাতীয় গ্রিডের ওপর চাপও কিছুটা কমছে। আমার এই উদ্যোগ দেখে অন্যরাও উৎসাহিত হচ্ছেন।”

তিনি বলেন, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানো গেলে বিদ্যুৎ ব্যয় কমানোর পাশাপাশি পরিবেশবান্ধব ও টেকসই জ্বালানি ব্যবস্থা গড়ে তোলা সম্ভব।

এ বিষয়ে পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটির চেয়ারম্যান মো. হোসাইন বলেন, দেশের ক্রমবর্ধমান বিদ্যুৎ চাহিদা পূরণ এবং জাতীয় গ্রিডের ওপর চাপ কমাতে ব্যক্তিগত ও সামাজিক পর্যায়ে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ।

তিনি আরো বলেন, “অটোরিকশা চার্জ দিতে প্রতিদিন বিপুল পরিমাণ বিদ্যুতের প্রয়োজন হয়। দেশের বিভিন্ন এলাকায় বিপুলসংখ্যক অটোরিকশা জাতীয় গ্রিডের বিদ্যুৎ ব্যবহার করছে। মালিক ও চালকেরা যদি নিজস্ব উদ্যোগে সোলার প্যানেল স্থাপন করে নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার করেন, তাহলে জাতীয় গ্রিডের ওপর চাপ অনেকটাই কমানো সম্ভব।”

সোলারভিত্তিক চার্জিং ব্যবস্থা জনপ্রিয় করতে সরকারি সহায়তার প্রয়োজন রয়েছে বলেও মনে করেন তিনি। তাঁর মতে, সহজ শর্তে ঋণ, ভর্তুকি, কারিগরি সহায়তা এবং সোলারভিত্তিক চার্জিং স্টেশন স্থাপনে সহযোগিতা দেওয়া হলে এ ধরনের উদ্যোগ আরও বিস্তৃত হতে পারে।

স্থানীয় পরিবেশ সচেতন ব্যক্তিরাও মনে করছেন, ব্যক্তিগত পর্যায়ে সৌরশক্তির ব্যবহার বাড়ানো গেলে জাতীয় বিদ্যুৎ ব্যবস্থার ওপর চাপ কমানোর পাশাপাশি জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস এবং পরিবেশ সুরক্ষায় ইতিবাচক ভূমিকা রাখা সম্ভব।

সনমান্দী ইউনিয়নের ঈমানের কান্দী গ্রামের মনির মিয়ার এই উদ্যোগ স্থানীয়ভাবে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার নিয়ে আগ্রহ তৈরি করেছে। সংশ্লিষ্টরা মনে করছেন, ব্যক্তিগত পর্যায়ে এমন উদ্যোগ বাড়লে ভবিষ্যতে সৌরশক্তিনির্ভর পরিবহন ও চার্জিং ব্যবস্থার প্রসার ঘটতে পারে।