‘থ্রি ইডিয়টস’ সিক্যুয়েলের আভাস দিলেন নির্মাতা
বিনোদন ডেস্ক: বলিউডের জনপ্রিয় সিনেমা ‘থ্রি ইডিয়টস’-এর সিক্যুয়েল নিয়ে বড় আপডেট দিয়েছেন পরিচালক রাজকুমার হিরানি। তিনি জানিয়েছেন, নতুন সিনেমায় মূল ছবির অভিনয়শিল্পীরাই ফিরছেন। তবে এখনো চূড়ান্ত হয়নি চিত্রনাট্য। গল্প পছন্দসই পর্যায়ে না পৌঁছানো পর্যন্ত সিনেমাটি নিয়ে আনুষ্ঠানিকভাবে এগোতে চান না নির্মাতা।
সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে হিরানি বলেন, ‘গল্প লেখা হচ্ছে। আমরা এখনো লিখছি। গল্প যখন সঠিক জায়গায় পৌঁছাবে, তখন এ বিষয়ে কথা বলব। আপাতত আমরা গল্প লেখার কাজেই আছি। অভিনয়শিল্পীরাও একই থাকছেন।’
২০০৯ সালে মুক্তি পাওয়া ‘থ্রি ইডিয়টস’-এ অভিনয় করেছিলেন আমির খান, আর মাধবন, শর্মান জোশি, কারিনা কাপুর ও বোমান ইরানি। মুক্তির পর সিনেমাটি ব্যাপক সাফল্য পাওয়ার পাশাপাশি ভারতীয় শিক্ষাব্যবস্থা এবং তরুণদের ওপর পড়াশোনার চাপ নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা তৈরি করেছিল।
সিক্যুয়েলের গল্প নিয়েও আভাস দিয়েছেন হিরানি। তিনি জানান, ‘থ্রি ইডিয়টস’-এর দ্বিতীয় পর্ব তৈরির পরিকল্পনা থেকেই নতুন গল্পের ভাবনা আসেনি। শুরুতে তারা অন্য একটি গল্প নিয়ে কাজ করছিলেন। পরে মনে হয়, সেটি মূল সিনেমার চরিত্রগুলোর জীবনের পরবর্তী অধ্যায়ের সঙ্গে মানিয়ে যেতে পারে।
তবে নতুন সিনেমায় তিন বন্ধুর কলেজজীবন দেখানো হবে না। মূল সিনেমার ঘটনার প্রায় ২০ বছর পর তাঁদের জীবনে কী ঘটেছে, সেটিই উঠে আসবে সিক্যুয়েলে।
হিরানির ভাষায়, ‘এটি শিক্ষার্থীদের নিয়ে নয়। ২০ বছর পর তাঁদের জীবনে কী ঘটছে, সেটিই দেখানো হবে।’
মূল সিনেমার অভিনয়শিল্পীরা ফিরবেন বলে জানালেও পরিচালক স্পষ্ট করেছেন, সিক্যুয়েলটি এখনো আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত হয়নি। চিত্রনাট্যের কাজ চলছে। গল্প তাঁর ও তাঁর দলের পছন্দসই পর্যায়ে পৌঁছালেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
এর আগে ‘মুন্নাভাই এমবিবিএস’-এর সিক্যুয়েল ‘লাগে রাহো মুন্নাভাই’ তৈরির অভিজ্ঞতার কথাও স্মরণ করেন হিরানি। তিনি জানান, প্রথম সিনেমা তৈরির সময় দ্বিতীয় পর্ব বানানোর কোনো পরিকল্পনা ছিল না। সে সময় বলিউডে এমন ধারণাও ছিল যে সিক্যুয়েল সাধারণত ভালো ব্যবসা করে না।