আলীনগর ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ: নেপথ্যে নারী সদস্যের শোকজ ও ভাতা বন্ধের ক্ষোভ

মোঃশাহাব উদ্দিন আহমেদ শিহাব, কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ৬ নং আলীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা ও বিভ্রান্তিকর অপপ্রচার চালানোর অভিযোগ উঠেছে স্থানীয় আব্দুল আহাদ নামের এক ব্যক্তির বিরুদ্ধে।

​অনুসন্ধানে জানা গেছে, পিআইও অফিসের অধীনে আলীনগর ইউনিয়নের বিভিন্ন উন্নয়নমূলক কাজের তদারকিতে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ওঠে সংরক্ষিত নারী সদস্য রেহানা আক্তারের বিরুদ্ধে। অভিযোগটি জেলা প্রশাসনের তদন্তে প্রমাণিত হওয়ায় মৌলভীবাজার জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (ডিডিএলজি) সম্প্রতি রেহানা আক্তারকে সাময়িক শোকজ (কারণ দর্শানোর নোটিশ) করেন। একই সাথে তাঁর সরকারি বেতন-ভাতা এবং যাবতীয় প্রকল্প সুবিধাও স্থগিত করা হয়। রেহানা আক্তার অপপ্রচারে অভিযুক্ত আব্দুল আহাদের স্ত্রী।

​স্থানীয়দের দাবি, স্ত্রীর বিরুদ্ধে জেলা প্রশাসনের এই কঠোর প্রশাসনিক ব্যবস্থা ও শাস্তি আড়াল করতেই ক্ষুব্ধ হয়ে আব্দুল আহাদ ইউপি চেয়ারম্যানের ওপর দায় চাপানোর চেষ্টা করছেন। তিনি পরিষদ ও চেয়ারম্যানের নাম জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে ভিত্তিহীন তথ্য ছড়াচ্ছেন।

​এ বিষয়ে আলীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বলেন, "ইউপি সদস্যের অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে জেলা প্রশাসন ও ডিডিএলজি কার্যালয়। এতে ইউনিয়ন পরিষদ বা আমার ব্যক্তিগত কোনো সম্পৃক্ততা নেই। মূলত স্ত্রীর দুর্নীতি ঢাকতে এবং আমাকে রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করতেই আব্দুল আহাদ এই অপপ্রচার চালাচ্ছেন। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।"