প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৬
সময়: ০৯:৩৩ পিএম
মাদক নিয়ন্ত্রণে সমাজের সর্বস্তরের অংশগ্রহণের আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রীর
বান্দরবান প্রতিনিধি:
মাদকদ্রব্যের বিস্তার রোধে সামাজিক সচেতনতার ওপর গুরুত্বারোপ করে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন, সমাজকে মাদকমুক্ত করতে হলে সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।
বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেল ৩টায় বান্দরবান ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ইনস্টিটিউট মিলনায়তনে জেলা পুলিশ আয়োজিত এক মাদকবিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
বান্দরবান জেলা পুলিশ সুপার ওহাবুল ইসলাম খন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুস চৌধুরী, বান্দরবান জেলা পরিষদের চেয়ারম্যান মিজ মাম্যাচিং, জেলা প্রশাসক সানিউল ফেরদৌস এবং বান্দরবান সদর জোন কমান্ডার লে. কর্নেল মোহাম্মদ হুমায়ুন রশিদ, পিএসসি।
সমাবেশে বক্তারা বলেন, মাদকের প্রভাবে যুবসমাজ ধ্বংসের মুখে পড়ছে। এই ব্যাধি দূর করতে কেবল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর নির্ভর না করে সাধারণ জনগণকেও সচেতন ভূমিকা পালন করতে হবে। একই সঙ্গে মাদক সিন্ডিকেট, বিক্রেতা ও মাদক ব্যবসার সাথে জড়িতদের দ্রুত চিহ্নিত করে কঠোর আইনি ব্যবস্থার আওতায় আনার দাবি জানান তারা।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা জামায়াতের আমীর এস এম আব্দুস সালাম আজাদ, নায়েবে আমীর অ্যাডভোকেট আবুল কালাম, জেলা বিএনপির সদস্য সচিব জাবেদ রেজা এবং বান্দরবান প্রেস ক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চুসহ স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিরা।