প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৬
সময়: ০৯:৫২ পিএম
লামা স্বাস্থ্য কমপ্লেক্সে শয্যা ও চিকিৎসক সংকটে রোগীদের ভোগান্তি
অ্যাম্বুলেন্স সেবা না থাকায় দূরদূরান্তের রোগীদের দুর্ভোগ, দ্রুত নতুন ভবন নির্মাণের দাবি
লামা (বান্দরবান) প্রতিনিধি:
বান্দরবানের লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শয্যা সংকট, পর্যাপ্ত চিকিৎসক না থাকা এবং সরকারি অ্যাম্বুলেন্স সেবা না থাকায় চিকিৎসা নিতে আসা রোগীদের চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে। বিশেষ করে দূরদূরান্ত থেকে আসা শিশু, বয়স্ক ও জরুরি রোগীদের দুর্ভোগ বেশি বলে অভিযোগ করেছেন স্থানীয়রা।
আজকের হাসপাতালের চিত্র তুলে ধরে স্থানীয়রা জানান, ৫০ শয্যার হাসপাতালটিতে রোগীর চাপ অনেক বেশি। তাদের দাবি, কোনো কোনো সময় ভর্তি রোগীর সংখ্যা ১০০ থেকে ১২০ জন পর্যন্ত পৌঁছে যায়। ফলে শয্যার সংকুলান না হওয়ায় রোগীদের চলাচলের পথ, বারান্দা ও মেঝেতে অবস্থান করতে হচ্ছে। এতে হাসপাতালের স্বাভাবিক পরিবেশ, রোগীদের নিরাপত্তা ও চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছে বলে অভিযোগ রয়েছে।
স্থানীয়দের ভাষায়, আজকের রোগীর অবস্থা দেখে মনে হয়েছে, হাসপাতালটি যেন কোনো প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের আশ্রয়কেন্দ্র। পর্যাপ্ত শয্যা না থাকায় রোগীদের কোনো রকমে মাথা রাখার জায়গা করে নিতে হচ্ছে। কেউ কেউ হাসপাতালে শয্যা না পেয়ে এবং প্রয়োজনীয় চিকিৎসা না পেয়ে লামার বাইরে চলে যেতে বাধ্য হচ্ছেন বলেও অভিযোগ রয়েছে।
দূরদূরান্ত থেকে আসা রোগীদের জন্য সরকারি অ্যাম্বুলেন্স সেবা না থাকায় জরুরি রোগী পরিবহনেও সমস্যা হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয়রা। বিশেষ করে শিশু, বয়স্ক ও সংকটাপন্ন রোগীদের দ্রুত উন্নত চিকিৎসাকেন্দ্রে নেওয়ার ক্ষেত্রে এ সংকট আরও প্রকট হয়ে ওঠে।
স্থানীয়দের অভিযোগ, লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ওপর লামা উপজেলার পাশাপাশি আশপাশের চকরিয়া উপজেলার বমু বিলছড়ি ইউনিয়নের ও আলিকদম উপজেলার চৈক্ষং ইউনিয়নের এবং দুর্গম পাহাড়ি এলাকার মানুষও নির্ভরশীল। কিন্তু দীর্ঘদিন ধরে শয্যা ও চিকিৎসক সংকটের কারণে কাঙ্ক্ষিত চিকিৎসাসেবা পাওয়া কঠিন হয়ে পড়েছে।
এ অবস্থায় স্থানীয়রা দ্রুত লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নতুন ভবন নির্মাণ, শয্যা সংখ্যা বৃদ্ধি, প্রয়োজনীয় চিকিৎসক নিয়োগ এবং সরকারি অ্যাম্বুলেন্স সেবা চালুর দাবি জানিয়েছেন। পাশাপাশি রোগীদের নিরাপদ অবস্থান, জরুরি চিকিৎসা ও প্রয়োজনীয় অবকাঠামো নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা।
স্থানীয়দের মতে, বৃহত্তর লামা এলাকার মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এ সংকটের দ্রুত সমাধান জরুরি। অন্যথায় চিকিৎসা নিতে না পেরে গুরুতর রোগীদের ক্ষেত্রে প্রাণহানির আশঙ্কা তৈরি হতে পারে।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ এবং হাসপাতালের বাস্তব পরিস্থিতি পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।