জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে আজ দায়িত্ব নেবেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন শুরু হচ্ছে আজ। অধিবেশনে সভাপতিত্ব করবেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। স্থানীয় সময় মঙ্গলবার সকাল ১১টায় ৮০তম সাধারণ পরিষদের অধিবেশনের সমাপ্তি ঘোষণা করবেন বিদায়ী সভাপতি আনালেনা বেয়ারবক।


এরপর বিকেল ৩টায় জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের উদ্বোধন করবেন ড. খলিলুর রহমান। জার্মানির সাবেক পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবকের স্থলাভিষিক্ত হয়ে তিনি সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব গ্রহণ করছেন।


ড. খলিলুর রহমানের দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে প্রায় ৪০ বছর পর জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির পদ আবারও পেল বাংলাদেশ। এর আগে ১৯৮৬-৮৭ সালে জাতিসংঘ সাধারণ পরিষদের ৪১তম অধিবেশনে প্রথম বাংলাদেশি হিসেবে সভাপতির দায়িত্ব পালন করেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন রশীদ চৌধুরী।


দীর্ঘ বিরতির পর বাংলাদেশের কোনো প্রতিনিধি জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব নেওয়ায় এবারের অধিবেশন বাংলাদেশের জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা। অধিবেশনে আন্তর্জাতিক বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণের পাশাপাশি বহুপাক্ষিক কূটনীতিতে বাংলাদেশের ভূমিকা তুলে ধরার সুযোগ তৈরি হবে।