শেখ হাসিনাকে ফিরতেই হবে, অপেক্ষা করছে মৃত্যুদণ্ড: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, শেখ হাসিনাকে বাংলাদেশে আসতে হবে এবং তার জন্য মৃত্যুদণ্ড অপেক্ষা করছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।


ডা. জাহেদ বলেন, শেখ হাসিনা পলাতক ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) চিফ প্রসিকিউটর জানিয়েছেন, তার আর আপিল করার সুযোগ নেই। ফলে শেখ হাসিনা বাংলাদেশে ফিরলে তাকে মৃত্যুদণ্ডের মুখোমুখি হতে হবে।


প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের সঙ্গে শেখ হাসিনাকে ফেরত চাওয়ার বিষয়টি শর্ত হিসেবে যুক্ত হওয়ায় ভারতকে বিষয়টি গুরুত্বের সঙ্গে নেওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি।


সম্প্রতি ভারতের কয়েকটি প্রতিষ্ঠিত গণমাধ্যমে শেখ হাসিনার সাক্ষাৎকার দেওয়ার প্রসঙ্গে ডা. জাহেদ বলেন, প্রত্যর্পণের আগ পর্যন্ত শেখ হাসিনা যেন এ ধরনের কর্মকাণ্ড করতে না পারেন, সেটিই বাংলাদেশের প্রত্যাশা। ভারতের দিক থেকেও বিষয়টি বিবেচনা করা উচিত বলে মন্তব্য করেন তিনি।


বাংলাদেশে শেখ হাসিনাকে ফেরত দেওয়ার দাবি জোরালো উল্লেখ করে তিনি বলেন, দুই দেশের সম্পর্ক উন্নয়নের স্বার্থে এ বিষয়ে ভারতকে বাংলাদেশের সংবেদনশীলতা বুঝতে হবে।