প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৬
সময়: ১১:৪৮ এএম
কলাপাড়ায় দুই দিনে ইয়াবাসহ গ্রেপ্তার ৩, পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত
আব্দুল কাইয়ুম আরজু, পটুয়াখালী প্রতিনিধি:
পটুয়াখালীর কলাপাড়ায় পৃথক অভিযান চালিয়ে দুই দিনে মোট ২০০ পিস ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রির নগদ টাকা এবং তিনজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে কলাপাড়া থানা পুলিশ। গত ৭ ও ৮ সেপ্টেম্বর উপজেলার বিভিন্ন এলাকায় এসব অভিযান পরিচালিত হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গত ৭ সেপ্টেম্বর সোমবার বিকেল সাড়ে চারটার দিকে উপজেলার টিয়াখালী ইউনিয়নের ছোনাউটা গ্রামের কাঁচা রাস্তার ওপর থেকে ৫০ পিস ইয়াবাসহ মাহাবুব প্যাদা (৪৮) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তিনি বরগুনা জেলার আমতলী উপজেলার পূজাখোলা গ্রামের মো. আ. রব প্যাদার ছেলে।
একই দিন রাতে কলাপাড়া পৌর শহরের ১ নম্বর ওয়ার্ডের নাচনাপাড়া সুগন্ধা রোড এলাকার একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে ৪৫ পিস ইয়াবা এবং ইয়াবা বিক্রির নগদ ৪,৮৮৫ টাকাসহ মো. মিজানুর রহমান (৩৫) নামের আরেক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। তিনি নীলগঞ্জ ইউনিয়নের সলিমপুর গ্রামের মো. আনিছুর রহমান ও মোসা. শাহিনুর বেগমের ছেলে।
এর পরদিন ৮ সেপ্টেম্বর মঙ্গলবার বিকেল তিনটার দিকে উপজেলার চাকামইয়া ইউনিয়নের চুঙ্গাপাশা গ্রামে অভিযান চালিয়ে ১০৫ পিস ইয়াবাসহ মো. বশার খানকে (৪৮) গ্রেপ্তার করা হয়। তিনি ওই গ্রামের মৃত কালু খাঁর ছেলে। তার নিজ বসতঘরের বারান্দা থেকে এসব ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত তিনজন আসামির বিরুদ্ধেই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) এর সারণির ১০(ক)/৪১ ধারায় কলাপাড়া থানায় পৃথক নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
মাদকবিরোধী এসব অভিযানের বিষয়ে কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, মাদকের বিরুদ্ধে থানা পুলিশের কঠোর অবস্থান রয়েছে এবং এলাকার আইনশৃঙ্খলা রক্ষা ও যুবসমাজকে সুরক্ষিত রাখতে এই ধরনের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।