প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৬
সময়: ০৪:০২ পিএম
তৃণমূল থেকে এনসিপিকে শক্তিশালী করতে কাজ চলছে:
বান্দরবান প্রতিনিধি:
পার্বত্য জেলা বান্দরবানে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)কে তৃণমূল পর্যায় থেকে শক্তিশালী ও সুসংগঠিত করতে কাজ চলছে বলে জানিয়েছেন দলটির নেতারা। জেলা থেকে উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায় পর্যন্ত সাংগঠনিক কার্যক্রম বিস্তৃত করে শিগগিরই পূর্ণাঙ্গ জেলা কমিটি গঠনের কথাও জানিয়েছেন তারা।
বুধবার (৯ সেপ্টেম্বর) সকালে বান্দরবান প্রেসক্লাব মিলনায়তনে সদ্য ঘোষিত আংশিক আহ্বায়ক কমিটির উদ্যোগে আয়োজিত ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে এসব কথা বলেন জেলা এনসিপির সদস্যসচিব গোলাম মোস্তফা মাসুদ।
অনুষ্ঠানে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এনসিপির নেতারা দলের সাংগঠনিক কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা ও বান্দরবানের স্থানীয় বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন।
গোলাম মোস্তফা মাসুদ বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে জাতীয় নাগরিক পার্টি কাজ করছে। নতুন রাজনৈতিক শক্তি হিসেবে জনগণের প্রত্যাশা ও অধিকারকে গুরুত্ব দিয়ে দলকে তৃণমূল পর্যায়ে শক্তিশালী করা হচ্ছে।
নেতারা আরও বলেন, শুধু কেন্দ্রীয় পর্যায়ে নয়, দেশের প্রত্যন্ত অঞ্চল ও স্থানীয় পর্যায়েও জনগণের সঙ্গে সরাসরি সম্পৃক্ত হয়ে রাজনীতি করতে চায় এনসিপি। সেই লক্ষ্যেই বান্দরবানের প্রতিটি উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হয়েছে।
এ সময় বান্দরবান জেলা এনসিপির সদ্য ঘোষিত আংশিক আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ ছাড়াও স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন দলটির নেতারা এবং বান্দরবানের স্থানীয় সমস্যা ও সম্ভাবনা নিয়ে নিজেদের অবস্থান তুলে ধরেন।