প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৬
সময়: ০৪:৫৯ পিএম
মাদক বিক্রির প্রতিবাদ করায় ব্রক্ষ্মরাজপুর বাজারে হামলা, আহত ২: থানায় মামলার প্রস্তুতি
সাতক্ষীরা জেলা প্রতিনিধি:
সাতক্ষীরা সদর উপজেলার ব্রক্ষ্মরাজপুর বাজারে মাদক বিক্রির প্রতিবাদ করায় দুই ব্যক্তির ওপর ধারালো অস্ত্র দিয়ে অতর্কিত হামলা চালানোর অভিযোগ উঠেছে। বুধবার (৯ সেপ্টেম্বর) বিকেলে বাজার করতে গেলে এ হামলার ঘটনা ঘটে।আহতরা হলেন— দুহাকুলা গ্রামের সমিরউদ্দীন মোল্যার পুত্র জাকির এবং একই গ্রামের আফাজউদ্দীনের পুত্র আব্দুল কাদের। তাদের উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকায় মাদক বিক্রয়ের প্রতিবাদ করায় দুহাকুলা গ্রামের খন্দকার আজিমউদ্দিনের পুত্র চিহ্নিত মাদক ব্যবসায়ী জিয়া ও হাফিজুল এবং জিয়ার দুই পুত্র ফাহিম ও নাইম ক্ষিপ্ত ছিল। বুধবার বিকেলে জাকির ও আব্দুল কাদের ব্রক্ষ্মরাজপুর বাজারে কেনাকাটা করতে গেলে অভিযুক্তরা তাদের ওপর ধারালো অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়। এতে তারা মারাত্মকভাবে জখম হন।এ সময় বাজারের ব্যবসায়ী ও স্থানীয় জনগণ এগিয়ে এসে তাদের উদ্ধার করেন এবং পুলিশে খবর দেন।
পরবর্তীতে পুলিশ ও স্থানীয়দের সহায়তায় আহতদের দ্রুত সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়।এ বিষয়ে বক্তব্য জানতে অভিযুক্ত জিয়া ও হাফিজুলের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি। ফলে তাদের কোনো মন্তব্য নেওয়া সম্ভব হয়নি।পুলিশ জানিয়েছে, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এই রিপোর্ট লেখা পর্যন্ত ঘটনার বিষয়ে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিল।