জ্বালানি-বিদ্যুৎ সংকটে ভোগান্তিতে জনগণ: শফিকুর রহমান

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বিদ্যুৎ, সার ও জ্বালানি সংকটে দেশের মানুষ দিন দিন ভোগান্তিতে পড়ছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, দেশের মানুষ নানা সংকটে থাকলেও সরকারি দলের বক্তব্যে মনে হয় দেশে কোনো সংকটই নেই।

শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে বগুড়া সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।


ডা. শফিকুর রহমান বলেন, ‘বাংলাদেশ বর্তমানে গভীর সংকটের মুখোমুখি। জ্বালানি সংকটের কারণে দেশের শিল্পখাতে বড় ধরনের ক্ষতি হচ্ছে।’ তাঁর অভিযোগ, সরকার গত ছয় মাসেও এ সংকট মোকাবিলায় কার্যকর কোনো বিকল্প ব্যবস্থা নিতে পারেনি।

তিনি বলেন, সংসদে বিরোধী দলের পক্ষ থেকে বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি টিম গঠন করে সরকারকে সহযোগিতার প্রস্তাব দেওয়া হয়েছিল। তবে সেই প্রস্তাব গ্রহণ করা হয়নি। এ কারণে জামায়াতে ইসলামীসহ বিরোধী দলগুলো লংমার্চের মতো কর্মসূচি দিতে বাধ্য হয়েছে।


জামায়াত আমির আরও বলেন, বিদ্যুৎ সংকটের বিষয়টিও সরকার শুরুতে অস্বীকার করেছে। নির্ধারিত সময়ের মধ্যেই জ্বালানি সংকট মোকাবিলায় বিকল্প ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন ছিল বলে মন্তব্য করেন তিনি।

রাষ্ট্র সংস্কারের প্রতিশ্রুতি থেকে সরকার সরে গেছে বলেও অভিযোগ করেন ডা. শফিকুর রহমান। তাঁর ভাষায়, এর মাধ্যমে জনগণের সঙ্গে প্রতারণা করা হয়েছে।


বগুড়ার উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, ভৌগোলিকভাবে গুরুত্বপূর্ণ অবস্থানে থাকা সত্ত্বেও জেলাটিতে কাঙ্ক্ষিত শিল্পায়ন হয়নি। একসময় বগুড়াকে ‘মিনি শিল্পনগরী’ বলা হলেও স্বাধীনতার ৫৫ বছর পরও জেলার শিল্প সম্ভাবনার পুরোপুরি বিকাশ ঘটেনি।

তিনি বলেন, বগুড়া শিক্ষা নগরী হিসেবে পরিচিত হলেও সে অনুযায়ী উন্নয়ন হয়নি। জেলার সড়ক, শিল্প ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে আরও কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।