মুকসুদপুরে স্বামীর হাতে নও মুসলিম স্ত্রী খুন

শরীফ কাইয়ূ, মুকসুদপুরঃ

গোপালগঞ্জের মুকসুদপুরে স্বামীর হাতে নও মুসলিম স্ত্রী মিম আক্তার (২৩) খুন হয়েছে। নিহত মিম আক্তার  উপজেলার ভাবড়াশুর গ্রামের তরিক শিকদারের স্ত্রী এবং ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার শাকপাইলদিয়া গ্রামের সিদাম মাঝির মেয়ে।

রবিবার (১৩ সেপ্টেম্বর) সকালে উপজেলার ভাবড়াশুর গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানাযায়, ভাবড়াশুর গ্রামের ছরোয়ার শিকদারের ছেলে তরিক শিকদার প্রথম স্ত্রী থাকা অবস্থায়, প্রায় ৩ বছর পূর্বে সনাতন ধর্মী মেয়ের সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। পরে তাকে ধর্মান্তরিত করে মুসলিম করে মিম আক্তার নাম দিয়ে বিবাহ করে। দীর্ঘদিনের সংসারে মাঝে মধ্যেই পারিবারিক কলহের জের ধরে মারপিট করতো। রবিবার সকালে তরিক শিকদার তার স্ত্রী মিম আক্তারকে মারপিট করে, প্রতিবেশী আলামিন মৃধার স্ত্রী রিনা বেগমকে বলেন,  চাচী দেখেনতো আমার বউ মারা গেছে নাকি। তৎক্ষনাৎ রিনা বেগম গিয়ে দেখেন মিম আক্তার মারা গেছে। পরবর্তীতে  মুকসুদপুর থানা পুলিশকে সংবাদ দিলে, মুকসুদপুর থানা পুলিশ তরিক শিকদারের ঘর থেকে তার স্ত্রীর মরদেহ উদ্ধার করে।

ঘটনার পর থেকে স্বামী তারিকুল শিকদারসহ পরিবারের সবাই পলাতক রয়েছে।

মুকসুদপুর সার্কেল এসপি নাফিসুর রহমান বলেন, উপজেলার ভাবড়াশুর গ্রাম থেকে মিম (২৩) নামের এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে এটি হত্যা নাকি দুর্ঘটনা তা নিশ্চিত হওয়া যায়নি। তবে মৃতের শরিরে আঘাতের চিহ্ন দেখেছি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।