বায়তুল নূর জামে মসজিদের উন্নয়নে ৫০ হাজার টাকা সহায়তা দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

স্টাফ রিপোর্টার: 

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের চকের পাড়া জমিদার বাড়ি বায়তুল নূর জামে মসজিদে মাগরিবের নামাজ আদায় করেছেন আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মো. নাজিম লাভলু। নামাজ শেষে মসজিদের মুসল্লি ও কমিটির সদস্যদের নিয়ে বিশেষ দোয়ার আয়োজন করা হয়। এ সময় মসজিদের উন্নয়ন কার্যক্রমে সহযোগিতার অংশ হিসেবে ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করেন নাজিম লাভলু।

এ সময় তিনি বলেন, মসজিদ শুধু ইবাদতের স্থান নয়, এটি সমাজের নৈতিক ও সামাজিক উন্নয়নেরও একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। মসজিদের অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি এলাকার মানুষের জীবনমান উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

নাজিম লাভলু আরও বলেন, বালুয়াকান্দি ইউনিয়নের সার্বিক উন্নয়নে তিনি সবসময় এলাকাবাসীর পাশে থাকতে চান। এলাকার ধর্মীয় প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, রাস্তাঘাট ও অন্যান্য জনসেবামূলক কার্যক্রমের উন্নয়নে সামর্থ্য অনুযায়ী সহযোগিতা অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।

দোয়া অনুষ্ঠানে মসজিদ কমিটির সদস্য, মুসল্লি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এ সময় তারা মসজিদের উন্নয়নে নাজিম লাভলুর আর্থিক সহায়তার জন্য তাকে ধন্যবাদ জানান।