অভয়নগরে ৮০ পিস ইয়াবাসহ বিএনপি নেতা আনিস আটক

আমিনুর রহমানঃ

যশোরের অভয়নগরে ৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আনিসুর রহমান গাজী  ওরফে আনিস নামে এক ব্যক্তিকে আটক করেছে  যশোরের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর(ডিএনসি)।

রোববার (১৩ সেপ্টেম্বর) ভোরে অভয়নগর উপজেলার  নওয়াপাড়া পৌরসভার ধোপাদী মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক আনিসুর রহমান গাজী ওই এলাকার সামসুর রহমান গাজীর ছেলে।সূত্র জানায়,গোপন সংবাদের ভিত্তিতে রোববার ভোরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর(ডিএনসি) যশোরের একটি দল ধোপাদী মোড় এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় সামসুর রহমান গাজীর বাড়িতে অভিযান চালিয়ে তার ছেলে আনিসুর রহমান গাজীকে ৮০ পিস ইয়াবাসহ আটক করা হয়। পরে আটক আনিসুর রহমানের দেওয়া তথ্যের ভিত্তিতে নওয়াপাড়ার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের দলটি। অভিযান শেষে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে অভয়নগর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

 সূত্র আরো জানায়, আটক আনিসুর রহমান গাজী নওয়াপাড়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড বিএনপির ক্রীড়া সম্পাদকের দায়িত্বে রয়েছেন।

 এ বিষয়ে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম নুরুজ্জামান বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ৮০ পিস ইয়াবাসহ আনিস নামের একজনকে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দিয়ে থানায় হস্তান্তর করেছে। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।