রাজধানীর যোগাযোগে নতুন গতি, ৩ মেট্রোরেল প্রকল্প অনুমোদন

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় তিনটি নতুন মেট্রোরেল প্রকল্পসহ মোট ১২টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এসব প্রকল্প বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে প্রায় ১ লাখ ৭৭ হাজার কোটি টাকা।

বুধবার (১৬ সেপ্টেম্বর) সচিবালয়ে একনেকের সভায় প্রকল্পগুলোর অনুমোদন দেওয়া হয়।


অনুমোদিত মেট্রোরেল প্রকল্পগুলোর মধ্যে রয়েছে—ম্যাস র‌্যাপিড ট্রানজিট (এমআরটি) লাইন-১ (বিমানবন্দর–কমলাপুর), এমআরটি লাইন-৫ নর্দান রুট (হেমায়েতপুর–ভাটারা) এবং এমআরটি লাইন-৫ সাউদার্ন রুট (গাবতলী–দাশেরকান্দি)।


সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এমআরটি লাইন-১ ও এমআরটি লাইন-৫ নর্দান প্রকল্পে জাপানের আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা) অর্থায়ন করছে। অন্যদিকে এমআরটি লাইন-৫ সাউদার্ন প্রকল্পে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ও দক্ষিণ কোরিয়ার যৌথ অর্থায়ন রয়েছে।


নতুন এসব মেট্রোরেল প্রকল্প বাস্তবায়িত হলে রাজধানীর গণপরিবহন ব্যবস্থায় আরও একটি বড় পরিবর্তন আসবে বলে আশা করা হচ্ছে। পাশাপাশি যানজট কমানো ও দ্রুত যাতায়াতের সুযোগ বাড়াতে প্রকল্পগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।