সাংবাদিক আবু বকর সিদ্দিকের মৃত্যু, নওগাঁর সাংবাদিক মহলে শোক

মাসুদ রানা, নওগাঁ প্রতিনিধি:

নওগাঁ জেলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি এবং ভোরের কাগজ ও মাইটিভির নওগাঁ জেলা রিপোর্টার আবু বকর সিদ্দিক আর নেই। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে নওগাঁ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

স্বজনদের বরাত দিয়ে জানা যায়, শুক্রবার সকালে হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন আবু বকর সিদ্দিক। পরে তাকে দ্রুত নওগাঁ সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি হৃদ্‌রোগজনিত সমস্যায় ভুগছিলেন বলে স্বজনরা জানান।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর। তিনি দুই ছেলে রেখে গেছেন।

আবু বকর সিদ্দিকের মৃত্যুতে নওগাঁর সাংবাদিক অঙ্গনসহ সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। তাঁর মৃত্যুতে বিভিন্ন মহলের পক্ষ থেকে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে।