প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৬
সময়: ০৫:৪০ পিএম
কালিগঞ্জে পানিতে ডুবে মামা-ভাগ্নের মৃত্যু, পরিবারে শোকের মাতম
মোঃ মহাসিন, কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি:
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার পল্লীতে পুকুরের পানিতে ডুবে মামা-ভাগ্নের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের সোনাতলা গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় দুই পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
নিহত দুই শিশু হলো—দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের সোনাতলা গ্রামের আজগার আলীর ছেলে আব্দুল্লাহ (৮) এবং কৃষ্ণনগর ইউনিয়নের বালিয়াডাঙ্গা গ্রামের আমিনুর বিশ্বাসের ছেলে ইকবাল হোসেন (৭)। ইকবাল হোসেন তার নানার বাড়ি সোনাতলা গ্রামে বেড়াতে এসেছিল।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুর আনুমানিক ২টার দিকে জুমার নামাজের সময় পরিবারের সদস্যরা নামাজ আদায় করতে গেলে আব্দুল্লাহ ও ইকবাল বাড়ির পাশের আবুবক্কর শেখের পুকুরের কাছে যায়। একপর্যায়ে অসাবধানতাবশত দুজনই পুকুরের পানিতে পড়ে যায়।
পরে পরিবারের সদস্যরা তাদের খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুরে গিয়ে পানির মধ্যে দুজনকে পাওয়া যায়। তাদের উদ্ধার করে দেখা যায়, দুজনই মারা গেছে।
মামা-ভাগ্নের এমন মর্মান্তিক মৃত্যুতে স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে সোনাতলা গ্রামের পরিবেশ। সন্তান হারিয়ে দুই পরিবারে চলছে শোকের মাতম। হৃদয়বিদারক এ ঘটনায় স্থানীয়দের মধ্যেও নেমে এসেছে গভীর শোক।