বিএনপি সরকার স্বৈরশাসনের দিকে এগিয়ে যাচ্ছে: জামায়াত আমির
বিএনপি সরকার স্বৈরশাসনের পথে হাঁটছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি অভিযোগ করেন, গণভোটের রায় উপেক্ষা করে সরকার জনগণকে অপমান করেছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) ঢাকা থেকে রংপুর অভিমুখী ১১ দলীয় ঐক্যের লংমার্চের অংশ হিসেবে টাঙ্গাইলের নগর জালফৈ বাইপাস এলাকায় আয়োজিত পথসভায় তিনি এসব কথা বলেন।
জামায়াত আমির বলেন, সরকার জাতির সঙ্গে ধোঁকাবাজি করেছে। জনগণের অধিকার আদায়ে বিরোধী দল সব সময় রাজপথে থাকবে। জনদাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার কথাও জানান তিনি।
এ সময় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম অভিযোগ করেন, এক স্বৈরাচারের বিদায়ের পর নতুন আরেক স্বৈরাচারের আবির্ভাব হয়েছে। এ সরকারের পরিণতিও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের মতো হবে বলে মন্তব্য করেন তিনি।
এর আগে গাজীপুরের ভোগড়া বাইপাসে ১১ দলীয় ঐক্যের পথসভায় বক্তব্য দেন শফিকুর রহমান। সেখানে তিনি বলেন, কোনো দলীয় দাবি নয়, জনদাবি নিয়েই বিরোধী দল রাজপথে নেমেছে। জুলাই সনদসহ উত্থাপিত দাবিগুলো পূরণ না হলে এক দফা দাবিতে আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারিও দেন তিনি।
এলডিপির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ বলেন, বিরোধী দল সরকারের বিরুদ্ধে নয়। তবে বিএনপি সরকার ক্ষমতায় আসার পর সংস্কার কার্যক্রম থেকে মুখ ফিরিয়ে নিয়েছে বলে অভিযোগ করেন তিনি। এ পরিস্থিতি অব্যাহত থাকলে বিরোধী দল এক দফা আন্দোলনে যেতে পারে বলেও মন্তব্য করেন অলি আহমদ।
এর আগে শনিবার সকালে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে আট দফা দাবিতে ১১ দলীয় ঐক্যের লংমার্চের উদ্বোধনী সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে শফিকুর রহমান বলেন, জাতির প্রয়োজনে আট বা নয় দফা দাবি এক দফায় পরিণত হতে পারে। অতীত থেকে শিক্ষা না নিলে সরকারকেও একই পথে বিদায় নিতে হবে বলে মন্তব্য করেন তিনি।
লংমার্চের কর্মসূচিতে ঢাকা থেকে রংপুর পর্যন্ত বিভিন্ন স্থানে জনসভা ও পথসভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ঢাকা, গাজীপুর, টাঙ্গাইল, সিরাজগঞ্জ, বগুড়া, গাইবান্ধা ও রংপুর রুটে এসব কর্মসূচি পালন করবে ১১ দলীয় ঐক্য। রংপুর জিলা স্কুল মাঠে সমাপনী সমাবেশের মধ্য দিয়ে কর্মসূচি শেষ হওয়ার কথা রয়েছে।