আইফোন নিয়ে বের হয়ে আর ফেরেনি, কুবি শিক্ষকের ছেলের মরদেহ উদ্ধার
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের নিখোঁজ ছেলে অপ্রতীমের (১৩) মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার বিকেলে মায়ের আইফোন নিয়ে বন্ধুদের সঙ্গে ছবি তুলতে বের হওয়ার পর নিখোঁজ হয়েছিল সে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার ম্যাজিক প্যারাডাইস পার্কের পেছনের একটি টিলা থেকে অপ্রতীমের মরদেহ উদ্ধার করে পুলিশ।
অপ্রতীম কুমিল্লা বর্ডারগার্ড পাবলিক স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল। পুলিশ জানায়, নিখোঁজের পর তার মুঠোফোনের সর্বশেষ অবস্থান কুমিল্লা বিশ্ববিদ্যালয়সংলগ্ন সামাজিক বনায়ন এলাকায় শনাক্ত হয়। ওই অবস্থানের ভিত্তিতে শনিবার ভোরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সেখানে তল্লাশি শুরু করেন। পরে পশ্চিম সানন্দা এলাকায় ম্যাজিক প্যারাডাইস পার্কের পাশে শিশুটির মরদেহ দেখতে পান তারা।
সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে কুমিল্লার কোটবাড়ি এলাকার বাসা থেকে মায়ের আইফোন নিয়ে বের হয় অপ্রতীম। বন্ধুদের সঙ্গে ছবি তুলতে যাওয়ার কথা বলে বের হলেও এরপর আর বাড়ি ফেরেনি সে। পরে তার বাবা কে এম ফিরোজ শাহরিয়ার সদর দক্ষিণ মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
ছেলেকে খুঁজে পেতে সামাজিক যোগাযোগমাধ্যমে সহায়তা চেয়েছিলেন মা ড. নাহিদা বেগম। তিনি জানান, বিকেল ৩টার পর থেকে অপ্রতীমের কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না। তার পরনে ছিল একটি পাঞ্জাবি। মুঠোফোন ট্র্যাক করেও তার অবস্থান নিশ্চিত হওয়া যাচ্ছিল না।
একমাত্র সন্তানকে হারিয়ে শোক ও দিশাহারা হয়ে পড়েছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. নাহিদা বেগম ও তার পরিবারের সদস্যরা।