মরার পরেও মামলার আসামি,যুবদলকর্মী শাওনের দাফন সম্পন্ন

Date: 2022-09-24
news-banner

মুন্সীগঞ্জে পুলিশ-বিএনপি সংঘর্ষের ঘটনায় নিহত শাওনের লাশ তার নিজ গ্রামের সামাজিক কবরস্থানে দাফন করা হয়েছে। শুক্রবার রাত ১০টার দিকে সদর উপজেলার মুরমা ঈদগা মাঠে জানাজা শেষে তাকে মুরমা সামাজিক কবরস্থানে দাফন করা হয়। এদিকে সংঘর্ষের করা মামলায় নিহত শাওনকে ৩ নম্বর আসামি করা হয়েছে। 

শুক্রবার রাত ৮টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে শাওনের লাশ নিজ বাড়িতে আনা হলে এক হৃদয়বিদারক দৃশ্যের অবতরণ হয়। তাকে দেখতে গ্রামের শত শত মানুষ ভিড় জমায়। 

রাত ৯টার দিকে নিহত শাওনের বাড়িতে উপস্থিত হন বিএনপির কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সম্পাদক রুহুল কবির রিজভী। এ সময় তিনি বলেন, ইনশাল্লাহ গণতন্ত্র ফিরে আসবে, সুশাসন ফিরে আসবে। শাওনের মতো যাদেরকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে প্রতিটা হত্যার বিচার হবে এই বাংলাদেশের মাটিতে।

তিনি বলেন, শাওন দেশের জন্য গণতন্ত্রের জন্য জীবন দিয়েছে। জ্বালানি তেল ও নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বৃদ্ধির প্রতিবাদ করতে সে বিএনপির কর্মসূচিতে এসেছিল আর সেখানে তাকে গুলি করে হত্যা করা হয়েছে। সুতরাং এটা জনগণের পক্ষে দেশের পক্ষে গণতন্ত্রের পক্ষে। তার এই আত্মদান তার এই শহীদী আত্মদান দেশবাসী ভুলবে না। দল তার পরিবারের দায়িত্ব নেবে।

এদিকে গত বুধবার বিকেলে বিএনপি ও পুলিশের সংঘর্ষের ঘটনায় বৃহস্পতিবার মুন্সীগঞ্জ সদর থানায় দুটি মামলা দায়ের হয়। এর মধ্যে একটি মামলার বাদী সদর থানার উপপরিদর্শক মোহাম্মদ মাঈনউদ্দিন। অপর মামলার বাদী পঞ্চসার ইউনিয়ন শ্রমিক লীগের সদস্য আব্দুল মালেক। ওই মামলায় নিহত শাওনকে (২৫) ৩ নম্বর আসামি করা হয়েছে। এই মামলায় ৫২ জনের নাম উল্লেখ্য ও ১৫০-২০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। 


Leave Your Comments