সোনারগাঁয়ে মেঘনা নদীতে গোসল করতে নেমে তিন শিক্ষার্থী নিখোঁজ

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা নদীতে গোসল করতে গিয়ে তিন স্কুলশিক্ষার্থী নিখোঁজ হয়েছে। রোববার দুপুরে উপজেলার ভাটিবন্দর এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে নিখোঁজদের উদ্ধারে অভিযান শুরু করেছে।

নিখোঁজ শিক্ষার্থীরা হলো—মোগরাপাড়া ইউনিয়নের বাড়ি মজলিস এলাকার বাসিন্দা মো. ফারুকের যমজ ছেলে আরিফিন (১৫) ও আশিকিন (১৫) এবং একই এলাকার আব্দুল আলিনের ছেলে আবির (১৪)।

তারা সবাই মোগরাপাড়া এইচজিজিএস স্মৃতি সরকারি বিদ্যায়তনের শিক্ষার্থী। আরিফিন ও আশিকিন নবম শ্রেণিতে এবং আবির অষ্টম শ্রেণিতে পড়াশোনা করে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সকালে বিদ্যালয়ে যাওয়ার কথা বলে তারা বাড়ি থেকে বের হয়। পরে চার বন্ধু ভাটিবন্দর এলাকায় মেঘনা নদীতে গোসল করতে নামে। কিছুক্ষণ পর তাদের সঙ্গে থাকা একজন নদী থেকে উঠে আসতে পারলেও তিন শিক্ষার্থী পানিতে নিখোঁজ হয়।

ঘটনার পর স্থানীয়রা নদীর তীরে জড়ো হয়ে তাদের সন্ধানে চেষ্টা চালান। খবর দেওয়া হয় ফায়ার সার্ভিসে। পরে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে এসে উদ্ধার তৎপরতা শুরু করে।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপপরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, নিখোঁজ শিক্ষার্থীদের উদ্ধারে তিনজন ডুবুরি ঘটনাস্থলে কাজ করছেন। উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।