হুথি হামলার মুখে সৌদির পাশে তুরস্ক, সামরিক সহায়তার ঘোষণা
ইয়েমেনের হুথি বিদ্রোহীদের অব্যাহত হামলার মুখে সৌদি আরবের সামরিক চাহিদা পূরণে তুরস্ক প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। পাকিস্তান, সৌদি আরব ও তুরস্কের মধ্যে স্বাক্ষরিত ত্রিপক্ষীয় প্রতিরক্ষা চুক্তির আওতায় এ সহযোগিতা দেওয়া হতে পারে বলে জানিয়েছেন তিনি।
রোববার (২০ সেপ্টেম্বর) এক সাক্ষাৎকারে হাকান ফিদান বলেন, সৌদি আরবের ভূখণ্ড ও সার্বভৌমত্বের ওপর গুরুতর হামলা হচ্ছে। ত্রিপক্ষীয় প্রতিরক্ষা চুক্তির কারণে আঙ্কারা রিয়াদের সঙ্গে পূর্ণ সংহতি প্রকাশ করছে।
তিনি বলেন, সৌদি আরবের কিছু কারিগরি সামরিক সহায়তার প্রয়োজন হতে পারে। তুরস্ক সেই প্রয়োজন পূরণে প্রস্তুত রয়েছে। গত মাসে স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী, তিন দেশের যেকোনো একটির ওপর হামলাকে তিন দেশের ওপর হামলা হিসেবে বিবেচনা করা হবে।
এদিকে সৌদি আরবের বিভিন্ন স্থাপনা ও নৌপথে হুথিদের হামলা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে তুরস্ক। শনিবার সৌদি রাজধানী রিয়াদের প্রধান বিমানবন্দরের কাছে ধোঁয়া ও আগুনের কুণ্ডলী দেখা যাওয়ার কয়েক ঘণ্টা পর রিয়াদের সংবেদনশীল স্থাপনায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার দাবি করে হুথিরা।
এসব হামলার তীব্র নিন্দা জানিয়ে তা অবিলম্বে বন্ধের আহ্বান জানিয়েছে তুরস্ক।
হাকান ফিদান আরও বলেন, সংঘাত এড়িয়ে চলা সৌদি আরবকে যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতের অংশ বানানো গ্রহণযোগ্য নয়। সংঘাতের অবসান ঘটাতে সংশ্লিষ্ট পক্ষগুলোর কাছে নতুন কিছু প্রস্তাব পাঠানো হয়েছে বলেও জানান তিনি।