জ্বালানি তেলের দাম ২০ টাকা বাড়ানোর প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ আজ
জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা বাড়ানোর সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটি সরকারকে এ সিদ্ধান্ত প্রত্যাহারের আহ্বান জানিয়েছে।
সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ আহ্বান জানান জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
বিবৃতিতে তিনি বলেন, সরকার দফায় দফায় জ্বালানি তেলের দাম বাড়িয়ে সাধারণ মানুষের ওপর ব্যয়ের বোঝা চাপিয়ে দিচ্ছে। এমনিতেই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষ দিশেহারা। নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণির আয়-ব্যয়ের ভারসাম্য নষ্ট হয়ে গেছে। সংসারের ব্যয় মেটাতে তাদের হিমশিম খেতে হচ্ছে। এর মধ্যে জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত জনজীবনে নতুন করে সংকট সৃষ্টি করবে এবং মানুষের দুর্ভোগ আরও বাড়াবে।
মিয়া গোলাম পরওয়ার বলেন, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রভাব শুধু মোটরযান ব্যবহারকারীদের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। জ্বালানি পরিবহন ও উৎপাদন ব্যবস্থার অন্যতম প্রধান উপাদান হওয়ায় এর দাম বাড়লে কৃষি উৎপাদন, পণ্য পরিবহন, শিল্পকারখানার উৎপাদন ব্যয় এবং ব্যবসা-বাণিজ্যের খরচ বাড়বে। এর প্রভাবে নিত্যপ্রয়োজনীয়সহ বিভিন্ন পণ্যের দামও বাড়তে পারে। শেষ পর্যন্ত এর বোঝা সাধারণ জনগণকেই বহন করতে হবে।
তিনি বলেন, জনগণের ক্রয়ক্ষমতা, নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণির আয় এবং সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে সরকারের সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল। আন্তর্জাতিক বাজারের অস্থিরতার দায় সরাসরি জনগণের ওপর চাপিয়ে দেওয়া জনকল্যাণমূলক নীতি হতে পারে না।
জ্বালানি তেলের দাম বাড়ানোর আগে বিকল্প ব্যবস্থা গ্রহণ, ব্যয় সংকোচন, অপচয় ও অনিয়ম বন্ধ, জ্বালানি ব্যবস্থাপনায় দক্ষতা বৃদ্ধি এবং সংশ্লিষ্ট খাতে অপ্রয়োজনীয় ব্যয় কমানোর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান জামায়াতের এই নেতা।
একই সঙ্গে বাজারে পণ্যের মূল্য নিয়ন্ত্রণে কঠোর নজরদারি এবং মধ্যস্বত্বভোগীদের অনিয়ম বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান তিনি।
মিয়া গোলাম পরওয়ার বলেন, জনগণের দুর্ভোগ লাঘব করা সরকারের দায়িত্ব। বারবার মূল্যবৃদ্ধির মাধ্যমে জনগণের ওপর অতিরিক্ত অর্থনৈতিক চাপ সৃষ্টি করা গ্রহণযোগ্য নয়। তিনি জ্বালানি তেলের লিটারপ্রতি ২০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত থেকে সরকারকে সরে আসার আহ্বান জানান।
বিকালে জামায়াতের বিক্ষোভ মিছিল
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিলের ঘোষণা দিয়েছে জামায়াতে ইসলামী। সোমবার বিকেল সাড়ে ৪টায় দলটির ঢাকা মহানগরীর উদ্যোগে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান এমপি।
ঢাকা মহানগরী দক্ষিণের আমির মো. নূরুল ইসলাম বুলবুল এমপির সভাপতিত্বে অনুষ্ঠানে জামায়াতের কেন্দ্রীয় ও মহানগরী নেতারা এবং বিরোধীদলীয় সংসদ সদস্যরা বক্তব্য রাখবেন বলে জানানো হয়েছে।