মুকসুদপুর উপজেলা বিএনপির সহ-সভাপতির পদ থেকে মুন্নু মুন্সিকে অব্যাহতি

মুকসুদপুর প্রতিনিধিঃ

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা বিএনপির সহ-সভাপতির পদ থেকে মুন্নু মুন্সিকে অব্যাহতি দেওয়া হয়েছে।

গত রোববার (১২ সেপ্টেম্বর) গোপালগঞ্জ জেলা বিএনপির প্যাডে দেওয়া এক চিঠিতে এ তথ্য জানানো হয়।

চিঠিতে উল্লেখ করা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে মুকসুদপুর উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক গোপালগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিবের কাছে ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করেন। এ বিষয়ে অভিযুক্ত নেতাকে গত ৩ সেপ্টেম্বর লিখিতভাবে চিঠি দিয়ে ৭ দিনের মধ্যে আত্মপক্ষ সমর্থনে লিখিত বক্তব্য দিতে বলা হয়েছিল।

তবে নির্ধারিত সময়ের মধ্যে তিনি কোনো জবাব দেননি বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে। এতে জেলা নেতৃত্বের প্রতি তার শ্রদ্ধাশীল না থাকার বিষয়টি প্রতীয়মান হয়েছে এবং তার বিরুদ্ধে আনা অভিযোগগুলো সঠিক বলে বিবেচিত হয়েছে বলে জানানো হয়।

এর পরিপ্রেক্ষিতে তাকে মুকসুদপুর উপজেলা বিএনপির সদস্য পদসহ সহ-সভাপতির পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে চিঠিতে উল্লেখ করা হয়।