পাকিস্তানের কাছে হেরে এশিয়ান গেমস থেকে খালি হাতে ফিরছে বাংলাদেশ

এশিয়ান গেমসে শেষ ম্যাচেও ব্যাটিং ব্যর্থতার পুরোনো চিত্র থেকে বের হতে পারেনি বাংলাদেশ নারী ক্রিকেট দল। পাকিস্তানের বিপক্ষে ব্রোঞ্জ পদকের লড়াইয়ে ৩১ রানে হেরে এশিয়ান গেমস থেকে খালি হাতেই ফিরতে হচ্ছে নিগার সুলতানা জ্যোতিদের।


মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) জাপানের কারোগি স্পোর্টস পার্কে টস জিতে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৪৫ রান সংগ্রহ করে পাকিস্তান নারী দল। জবাবে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১১৪ রানেই থেমে যায় বাংলাদেশ। ফলে ৩১ রানের জয় পেয়ে ব্রোঞ্জ পদক নিশ্চিত করে পাকিস্তান।


রান তাড়ায় শুরু থেকেই চাপে পড়ে বাংলাদেশ। পাওয়ার প্লের মধ্যেই টপ অর্ডারের তিন ব্যাটার সাজঘরে ফেরেন। তাদের মধ্যে কেবল দিলারা আক্তার দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেন। তিনি ৪ বলে করেন ১২ রান।


এরপর অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ও শারমিন আক্তার জুটি গড়ে প্রতিরোধের চেষ্টা করেন। তবে প্রয়োজনের তুলনায় ধীরগতির ব্যাটিংয়ে জয়ের সম্ভাবনা তৈরি হয়নি। জ্যোতি ৩০ বলে ২৫ রান করে ফেরেন। শারমিন ৪৫ বলে করেন ৪৬ রান। এরপর আর কোনো ব্যাটার কার্যকর ভূমিকা রাখতে না পারায় ১১৪ রানেই থামে বাংলাদেশের ইনিংস।


এর আগে শুরুটা দুর্দান্ত করেছিল পাকিস্তান। পাওয়ার প্লেতে কোনো উইকেট না হারিয়ে ৪৪ রান তুলে নেয় তারা। তবে এরপর দ্রুত ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। মাত্র ২৩ রানের মধ্যে পাকিস্তানের ৫ উইকেট তুলে নেয় বাংলাদেশের বোলাররা। এতে ১০০ রানের আগেই পাকিস্তানের ইনিংস গুটিয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছিল।


কিন্তু শেষ দিকে ম্যাচের চিত্র বদলে দেন আলিয়া রিয়াজ ও অধিনায়ক ফাতিমা সানা। ছয় ও সাত নম্বরে ব্যাট করতে নেমে বাংলাদেশের বোলারদের ওপর চড়াও হন তারা। আলিয়া রিয়াজ ২২ বলে ২৫ এবং ফাতিমা সানা ৩০ বলে ৪৫ রান করেন। তাদের ব্যাটে ভর করেই ১৪৫ রানের লড়াকু সংগ্রহ পায় পাকিস্তান।


শেষ পর্যন্ত সেই লক্ষ্য তাড়া করতে গিয়ে ব্যাটিং ব্যর্থতায় আবারও হতাশ হতে হলো বাংলাদেশকে। ব্রোঞ্জ পদকের ম্যাচে হেরে এশিয়ান গেমস শেষ করতে হলো কোনো পদক ছাড়াই।