চলতি বছর নয়, ২০২৭ সালের শুরুতে স্থানীয় নির্বাচন: প্রতিমন্ত্রী
চলতি বছরে স্থানীয় সরকার নির্বাচন শুরু হওয়ার সম্ভাবনা কম বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেছেন, আগামী বছরের শুরুতে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে। আগামী বছরের ৬ জুনের মধ্যে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন শেষ করার পরিকল্পনা রয়েছে। তবে ভোটের তারিখ নির্ধারণ করবে নির্বাচন কমিশন।
বুধবার (২৩ সেপ্টেম্বর) সচিবালয়ে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা জানান।
প্রতিমন্ত্রী বলেন, স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের জন্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে ৬ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি প্রায় আড়াই হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে ইউনিয়ন পরিষদ নির্বাচনের জন্য।
এদিকে স্থানীয় সরকারের বিভিন্ন অফিস, দপ্তর ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ভবনের ছাদে সৌরবিদ্যুৎ উৎপাদনের জন্য সোলার প্যানেল স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান মীর শাহে আলম।
তিনি জানান, এ প্রকল্পের আওতায় ৬ হাজার ৫৪৪টি প্রতিষ্ঠানের ছাদে সোলার প্যানেল স্থাপন করা হবে। এতে ব্যয় হবে প্রায় ৩৭০ কোটি টাকা। আগামী ২৭ জানুয়ারি থেকে এসব সোলার প্যানেল থেকে বিদ্যুৎ উৎপাদন শুরু হওয়ার কথা রয়েছে।
প্রতিমন্ত্রীর তথ্য অনুযায়ী, ছাদে স্থাপন করা সোলার প্যানেল থেকে মোট ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ১৫০ মেগাওয়াট সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো নিজেদের কাজে ব্যবহার করবে। বাকি ১৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরকারের কাছে বিক্রি করা হবে।