নিউইয়র্কে ট্রাম্প-মেলানিয়ার নৈশভোজে প্রধানমন্ত্রী

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশ নিতে নিউইয়র্কে অবস্থানরত প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের দেওয়া নৈশভোজে অংশ নিয়েছেন।


স্থানীয় সময় মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাতে নিউইয়র্কের বিলাসবহুল লোটে নিউইয়র্ক প্যালেস হোটেলে বিশ্বনেতাদের সম্মানে এ নৈশভোজের আয়োজন করা হয়। জাতিসংঘের সদস্যদেশগুলোর রাষ্ট্র ও সরকারপ্রধান এবং তাদের সহধর্মিণীরা এতে অংশ নেন।


এর আগে মঙ্গলবার সকালে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস রাষ্ট্র ও সরকারপ্রধান এবং তাদের সহধর্মিণীদের সম্মানে প্রাতরাশের আয়োজন করেন। প্রধানমন্ত্রী তারেক রহমান ও ডা. জুবাইদা রহমানও ওই প্রাতরাশে অংশ নেন।


প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দিতে নিউইয়র্কে রয়েছেন। অধিবেশনের সাধারণ বিতর্কে আগামী ২৪ সেপ্টেম্বর তার বক্তব্য দেওয়ার কথা রয়েছে।