মেলানিয়ার উদ্যোগে ৫৭ দেশের বৈশ্বিক জোটে জুবাইদা রহমান

নিজস্ব প্রতিবেদক

শিশুদের শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তা ও প্রযুক্তির সুযোগ সম্প্রসারণে মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের উদ্যোগ ‘ফস্টারিং দ্য ফিউচার টুগেদার’ বৈশ্বিক জোটে যুক্ত হয়েছে ৫৭টি দেশ। এ উদ্যোগে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান।


গত মার্চে ওয়াশিংটনে মেলানিয়া ট্রাম্পের আমন্ত্রণে অনুষ্ঠিত ‘ফস্টারিং দ্য ফিউচার টুগেদার’ সম্মেলনে অংশ নেন জুবাইদা রহমান। সেখানে তিনি শিশুদের শিক্ষা, স্বাস্থ্য ও নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে বৈশ্বিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন।


মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের উচ্চপর্যায়ের সপ্তাহে উদ্যোগটির নতুন পর্যায়ের কার্যক্রম তুলে ধরেন মেলানিয়া ট্রাম্প। অনুষ্ঠানে ৫৭টি দেশের প্রতিনিধিদের পাশাপাশি প্রযুক্তি খাতের নেতারাও অংশ নেন।


উদ্যোগটির মূল লক্ষ্য শিশুদের শিক্ষা ও প্রযুক্তির সুযোগ সম্প্রসারণ। এর আওতায় শিক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), শিক্ষাপ্রযুক্তি, অনলাইন সুরক্ষা ও ডিজিটাল দক্ষতা—এই চারটি বিষয়কে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। অংশগ্রহণকারী দেশগুলোর ফার্স্ট স্পাউস বা সমপর্যায়ের প্রতিনিধিরা নিজ নিজ সরকারের সঙ্গে সমন্বয় করে এসব কার্যক্রমে কাজ করছেন।


নিউইয়র্কের অনুষ্ঠানে মেলানিয়া ট্রাম্প নতুন সদস্য দেশগুলোকে স্বাগত জানান। পাশাপাশি ২০২৬ সালের জন্য কয়েকটি আন্তর্জাতিক কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। এর মধ্যে জি২০ সম্মেলন, আসিয়ান সম্মেলন, ইউরোপীয় আঞ্চলিক বৈঠক এবং ক্যারিবীয় আঞ্চলিক বৈঠকের আয়োজনের পরিকল্পনা রয়েছে।


অনুষ্ঠানে প্রযুক্তি খাতের কয়েকটি প্রতিষ্ঠানের সঙ্গে নতুন অংশীদারিত্বের কথাও জানানো হয়। এডোবি, অ্যামাজন, ইনটেল, স্টারলিংক, গুগল ও জুম এ উদ্যোগের সঙ্গে যুক্ত হয়েছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের তথ্য অনুযায়ী, এসব অংশীদারিত্ব ১৫টির বেশি দেশের শিশু ও তরুণদের শিক্ষা, প্রযুক্তি ও ডিজিটাল দক্ষতার সুযোগ সম্প্রসারণে কাজ করবে।


মেলানিয়া ট্রাম্প বলেন, শিশুদের শিক্ষা ও প্রযুক্তির সুযোগ নিশ্চিত করাই এ উদ্যোগের মূল লক্ষ্য। বিভিন্ন দেশের নেতৃত্ব একসঙ্গে কাজ করলে শিশুদের জন্য নতুন সুযোগ তৈরি করা সম্ভব বলেও উল্লেখ করেন তিনি।


এর আগে গত মার্চে ওয়াশিংটনে অনুষ্ঠিত ‘ফস্টারিং দ্য ফিউচার টুগেদার গ্লোবাল কোয়ালিশন সামিটে’ ৪৫টি দেশের ফার্স্ট স্পাউস ও সমপর্যায়ের প্রতিনিধিরা অংশ নেন। মেলানিয়া ট্রাম্পের আমন্ত্রণে ওই সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন ডা. জুবাইদা রহমান।


সম্মেলনে জুবাইদা রহমান শিশুদের স্বাস্থ্য, শিক্ষা, নিরাপত্তা ও বিকাশে আরও গুরুত্ব দেওয়ার আহ্বান জানান। তিনি বাংলাদেশের শিক্ষা ও স্বাস্থ্য খাতের বিভিন্ন উদ্যোগ তুলে ধরার পাশাপাশি শিশুদের কল্যাণে আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের প্রয়োজনীয়তার কথাও বলেন।


সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে হোয়াইট হাউসে মেলানিয়া ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করেন জুবাইদা রহমান। শিশুদের কল্যাণে সহযোগিতার বিষয়ে দুই পক্ষ একমত হয়েছিল বলে সে সময় বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয়।


মার্চের ৪৫ দেশের সম্মেলন থেকে সেপ্টেম্বরে ৫৭ দেশের জোটে সম্প্রসারণকে উদ্যোগটির আন্তর্জাতিক পরিসর বাড়ার একটি ধাপ হিসেবে দেখা হচ্ছে। হোয়াইট হাউসের তথ্য অনুযায়ী, ‘ফস্টারিং দ্য ফিউচার টুগেদার’ ২০২৫ সালের সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের সময় মেলানিয়া ট্রাম্প আনুষ্ঠানিকভাবে চালু করেন।


উদ্যোগটির আওতায় শিশুদের জন্য এআই ও অন্যান্য উন্নত প্রযুক্তির ব্যবহার বাড়ানোর পাশাপাশি শিক্ষক ও অভিভাবকদের প্রশিক্ষণ এবং অনলাইন ঝুঁকি থেকে শিশুদের সুরক্ষার বিষয়েও কাজ করা হচ্ছে।