প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৬
সময়: ০৬:৩৩ পিএম
কুলিয়ারচরে জামায়াতের গণসংযোগ: সাংবাদিক ও ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময়
মোঃ মাইন উদ্দিন, কিশোরগঞ্জ প্রতিনিধি:
সারাদেশে মাসব্যাপী গণসংযোগ কর্মসূচির অংশ হিসেবে কিশোরগঞ্জের কুলিয়ারচরে সাংবাদিক ও ব্যবসায়ীদের সঙ্গে পৃথক পৃথক মতবিনিময় সভা করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে ও দুপুরে উপজেলা ও সালুয়া ইউনিয়ন জামায়াতের উদ্যোগে এসব সভা অনুষ্ঠিত হয়।
বুধবার বেলা ১১টার দিকে উপজেলার বাজরা বাসস্ট্যান্ড এলাকার আসাদ সুপার মার্কেটের নিচতলায় স্থানীয় সাংবাদিকদের সঙ্গে একটি মতবিনিময় সভার আয়োজন করা হয়। উপজেলা জামায়াতের আমির মাওলানা মুহাম্মদ রফিকুর রহমানের সভাপতিত্বে সভাটি সঞ্চালনা করেন উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা মোঃ মাহবুবুর রহমান আবেদী। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা জামায়াতের আমির অধ্যাপক মোঃ রমজান আলী।
সভায় উপজেলা জামায়াতের সহ-সেক্রেটারি মাহফুজুর রহমান, বায়তুল মাল সম্পাদক মাওলানা মেহেদী হাসান, কুলিয়ারচর পৌর শাখার সভাপতি হারুনউর রশীদ, রামদী ইউনিয়ন শাখার সভাপতি মোঃ মাহতাব উদ্দিন, উছমানপুর ইউনিয়ন শাখার সভাপতি মোঃ ইকবাল হোসেন, ছয়সূতী ইউনিয়ন শাখার সভাপতি মোঃ কামরুল ইসলাম সজিব, গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়ন শাখার সেক্রেটারি মোঃ মিজানুর রহমান মিজান, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মুহাম্মদ নূরুল আলম এবং সৌদি প্রবাসী রুকন মোস্তফা কামাল সিরাজীসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পরে দুপুরের দিকে উপজেলার ডুমরাকান্দা বাজারের জনতা ক্লাবে স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভা করেন সালুয়া ইউনিয়ন জামায়াত। সালুয়া ইউনিয়ন শাখার সভাপতি ও উপজেলা জামায়াতের সহ-সেক্রেটারি মাহফুজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায়ও প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াতের আমির অধ্যাপক মোঃ রমজান আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমির মাওলানা মুহাম্মদ রফিকুর রহমান ও নায়েবে আমির মাওলানা মোঃ মাহবুবুর রহমান আবেদী।
সভায় জেলা জামায়াতের আমির অধ্যাপক মোঃ রমজান আলী আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে কুলিয়ারচর উপজেলা থেকে উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে দলীয় সমর্থিত প্রার্থীদের নাম ঘোষণা করেন। চেয়ারম্যান পদে উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা মোঃ মাহবুবুর রহমান আবেদী এবং ভাইস চেয়ারম্যান পদে উপজেলা সেক্রেটারি মাওলানা মশিউর রহমান মহসিনের নাম ঘোষণা করা হয়।
এ সময় উপজেলার ছয়টি ইউনিয়নের মধ্যে চারটি ইউনিয়নে জামায়াত সমর্থিত চেয়ারম্যান প্রার্থীদের নামও ঘোষণা করা হয়। যাদের নাম ঘোষণা করা হয়েছে তারা হলেন, গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়নে ইউনিয়ন শাখার সেক্রেটারি মোঃ মিজানুর রহমান মিজান, উছমানপুর ইউনিয়নে ইউনিয়ন শাখার সভাপতি মোঃ ইকবাল হোসেন, ছয়সূতী ইউনিয়নে ইউনিয়ন শাখার সাংগঠনিক সম্পাদক খাইরুদ্দিন ইসলাম তুহিন এবং সালুয়া ইউনিয়নে সৌদি প্রবাসী রুকন মোস্তফা কামাল সিরাজী।
দলীয় চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়ায় রামদী ও ফরিদপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থীদের নাম পরে ঘোষণা করা হবে বলে সভায় জানানো হয়।
জামায়াতের পক্ষ থেকে জানানো হয়েছে, সারা দেশের মতো কুলিয়ারচরেও ১ থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত মাসব্যাপী গণসংযোগ কর্মসূচি চলছে। এর অংশ হিসেবেই বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় ও জনসংযোগ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।