প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৬
সময়: ০১:৩৩ পিএম
১৮তম বিজেএসে সিভিল জজ হিসেবে সুপারিশপ্রাপ্ত চাঁনপুরের সোহাগ সরকার
আশিকুর রহমান, মাল্টিমিডিয়া রিপোর্টারঃ
নেত্রকোনার কলমাকান্দা উপজেলার সদর ইউনিয়নের চাঁনপুর গ্রামের কৃতি সন্তান সোহাগ সরকার ১৮তম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট পদে সুপারিশপ্রাপ্ত হয়েছেন। তার এ সাফল্যে পরিবার, স্বজন, শিক্ষক, সহপাঠী ও এলাকাবাসীর মধ্যে আনন্দ ও উচ্ছ্বাস দেখা দিয়েছে।
বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের প্রকাশিত ফলাফলে ১৮তম বিজেএস পরীক্ষায় সোহাগ সরকারের নাম সুপারিশপ্রাপ্তদের তালিকায় রয়েছে।
উল্লেখ্য যে,বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন সিভিল জজ পদে নিয়োগের জন্য উপযুক্ত প্রার্থীদের যাচাই-বাছাই করে সুপারিশ করে থাকে।
সোহাগ সরকার ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করেছেন। ছোটবেলা থেকেই পড়াশোনার প্রতি মনোযোগী সোহাগের লক্ষ্য ছিল বিচার বিভাগে যোগ দিয়ে মানুষের জন্য কাজ করা।
দীর্ঘদিনের অধ্যবসায়, কঠোর পরিশ্রম ও প্রস্তুতির পর বিজেএস পরীক্ষায় কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করেন তিনি।
সাফল্যের বিষয়ে সোহাগ সরকার বলেন, এই অর্জনের পেছনে বাবা-মা, শিক্ষক ও শুভাকাঙ্ক্ষীদের অবদান রয়েছে। ভবিষ্যতে সততা ও নিষ্ঠার সঙ্গে বিচারিক দায়িত্ব পালন করতে চাই।
তার এ অর্জনে এলাকার মানুষও সন্তোষ প্রকাশ করেছেন।
চাঁনপুরের সোহাগ সরকারের এ সাফল্য শুধু তার পরিবার নয়, পুরো কলমাকান্দাবাসীর জন্যও আনন্দ ও গর্বের বিষয়। স্থানীয়রা তার ভবিষ্যৎ কর্মজীবনের সাফল্য কামনা করেছেন।