জাতিসংঘের মঞ্চে আজ প্রথমবার বক্তব্য দেবেন তারেক রহমান
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে আজ বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাতে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাংলাদেশ সময় রাত ৩টায় নিউইয়র্কের জাতিসংঘ সদর দপ্তরে তার এ ভাষণ দেওয়ার কথা রয়েছে। নিউইয়র্কের স্থানীয় সময় বিকেল ৫টায় ভাষণ দেবেন তিনি।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বুধবার (২৩ সেপ্টেম্বর) নিউইয়র্কের একটি হোটেলে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান।মাহদী আমিন বলেন, দেশের মানুষের আশা-আকাঙ্ক্ষা, আবেগ ও অনুভূতিকে ধারণ করে প্রধানমন্ত্রী বাংলায় জাতির বার্তা বিশ্বমঞ্চে তুলে ধরবেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, ভাষণে বাংলাদেশের বর্তমান অবস্থান ও ভবিষ্যৎ পরিকল্পনার বিভিন্ন দিক তুলে ধরবেন প্রধানমন্ত্রী।সরকারি সূত্রের বরাতে জানা গেছে, প্রধানমন্ত্রীর ভাষণে বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রগতি, আইনের শাসন, জবাবদিহিতা, বিশ্ব শান্তি ও নিরাপত্তা, জলবায়ু পরিবর্তন, টেকসই উন্নয়ন এবং আন্তর্জাতিক অর্থনৈতিক সহযোগিতার মতো বিষয় গুরুত্ব পেতে পারে। একই সঙ্গে যুব ও নারীর ক্ষমতায়ন, শিক্ষা ও স্বাস্থ্য, রোহিঙ্গা সংকট, আধুনিক প্রযুক্তির ন্যায়সংগত ব্যবহার এবং বহুপাক্ষিক ব্যবস্থার সংস্কারের বিষয়ও আলোচনায় আসতে পারে।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন জানান, তার বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এর আগে জাতিসংঘ সাধারণ পরিষদে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন। সেই ধারাবাহিকতায় এবার তারেক রহমান জাতিসংঘের মঞ্চে বাংলাদেশের কথা তুলে ধরবেন।
ভাষণের আগের দিন বুধবার প্রধানমন্ত্রী তারেক রহমান রোহিঙ্গা সংকটবিষয়ক উচ্চপর্যায়ের কমিটির বৈঠকে অংশ নেন। সেখানে তিনি সংকটের মূল কারণ চিহ্নিত করে স্থায়ী সমাধানের দিকে এগিয়ে যাওয়ার ওপর গুরুত্ব দেন।
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে আজকের ভাষণের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথমবারের মতো সরকারপ্রধান হিসেবে এই আন্তর্জাতিক মঞ্চে বক্তব্য দেবেন।