জাপানকে ৪৮ রানে হারিয়ে এশিয়ান গেমসে আফগানিস্তানের জয়


জাপানকে হারিয়ে এশিয়ান গেমসে নিজেদের অভিযান শুরু করেছে আফগানিস্তান। বৃহস্পতিবার নিসশিনে ‘এ’ গ্রুপের ম্যাচে জাপানকে ৪৮ রানে হারায় তারা। আগে ব্যাট করে ৬ উইকেটে ১২৯ রান সংগ্রহ করা আফগানিস্তান পরে জাপানকে ৮১ রানে গুটিয়ে দেয়।


আফগানিস্তানের জয়ের পথে বড় অবদান রাখেন দুই স্পিনার আরব গুল ও নাঙ্গেয়ালিয়া খান। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষেকেই আরব গুল মাত্র ৮ রান দিয়ে ৪ উইকেট নেন। নাঙ্গেয়ালিয়া খান ১৯ রানে শিকার করেন ৩ উইকেট। এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই খুব একটা স্বাচ্ছন্দ্যে খেলতে পারেনি আফগানিস্তান। রান সংগ্রহের গতি ছিল মন্থর। শেষ পর্যন্ত ৬ উইকেটে ১২৯ রান পর্যন্ত পৌঁছায় দলটি। সর্বোচ্চ ৩৪ রান করেন মোহাম্মদ আকরাম।



জবাবে শুরুটা আশাব্যঞ্জক ছিল জাপানের। ৮ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে তাদের স্কোর ছিল ৫৩ রান। এরপর আফগান স্পিনারদের সামনে দ্রুতই চাপে পড়ে জাপানের ব্যাটিং। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ১৯.৩ ওভারে ৮১ রানে থামে তাদের ইনিংস। দলের হয়ে সর্বোচ্চ ২৩ রান করেন সাকুরানো-থমাস।


জয়ের ফলে ‘এ’ গ্রুপে ২ পয়েন্ট পেল আফগানিস্তান। এই গ্রুপের অন্য দল নেপাল। গ্রুপ পর্বে আফগানিস্তান ও জাপান—দুই দলই নেপালের বিপক্ষে খেলবে। গ্রুপের শীর্ষ দুই দল পরবর্তী ধাপে কোয়ার্টার ফাইনালে উঠবে।