পরীক্ষা শেষে জানুয়ারিতে স্থানীয় নির্বাচনের পরিকল্পনা ইসির
শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যস্ততার কারণে বছরের শেষ দুই মাসে স্থানীয় সরকার নির্বাচন আয়োজন থেকে সরে আসছে নির্বাচন কমিশন (ইসি)। পরীক্ষা শেষ হওয়ার পর আগামী জানুয়ারি থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু করার পরিকল্পনা রয়েছে কমিশনের।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার এ তথ্য জানান। তিনি বলেন, নভেম্বর ও ডিসেম্বর মাসে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় ওই সময়ে ভোট আয়োজনের সুযোগ দেখছে না কমিশন। পরীক্ষা শেষ হলে জানুয়ারিতে নির্বাচন শুরু করার আশা রয়েছে।
নির্বাচন কমিশনার জানান, শুধু শিক্ষার্থীদের পরীক্ষা নয়, পাবলিক পরীক্ষার সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও দায়িত্বে নিয়োজিত থাকেন। ফলে একই সময়ে স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করলে ব্যবস্থাপনায় জটিলতা তৈরি হতে পারে।
স্থানীয় সরকার নির্বাচনের জন্য নির্বাচন উপযোগী প্রতিষ্ঠানগুলোর তালিকা সরকারের কাছে চাওয়া হয়েছে বলেও জানান আনোয়ারুল ইসলাম সরকার। তবে নির্বাচন নিয়ে সরকারের সঙ্গে আনুষ্ঠানিক চিঠি চালাচালির কোনো নজির নেই বলে উল্লেখ করেন তিনি।
নির্বাচনের সময় পরিবর্তনের কারণ সম্পর্কে তিনি বলেন, বাস্তব পরিস্থিতি বিবেচনা করেই ভোটের সময়সূচি পুনর্বিবেচনা করা হয়েছে।