যশোরের অভয়নগরে জমি নিয়ে বিরোধ: মাদ্রাসা শিক্ষককে পিটিয়ে জখম

​আমিনুর রহমানঃ 

যশোরের অভয়নগরে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে মথুরাপুর দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক রমজান আলীকে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। আদালতের রায় ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সালিশি বৈঠক উপেক্ষা করে এই অতর্কিত হামলা চালানো হয়। বর্তমানে আহত শিক্ষক যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গত বুধবার বিকেলে উপজেলার শ্রীধরপুর ইউনিয়নের মথুরাপুর গ্রামে এই হামলার ঘটনা ঘটে।

​ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায়, মথুরাপুর দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক রমজান আলীর সঙ্গে প্রতিবেশী এনামুল ও সাহামুলের দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। এই বিরোধের জেরে এর আগে আদালতে মামলা ও রায় হওয়ার পাশাপাশি এলাকার গণ্যমান্য ব্যক্তিরা সালিশ বৈঠক করে বিষয়টি মীমাংসা করে দিয়েছিলেন। কিন্তু প্রতিপক্ষরা আদালতের রায় ও সালিশি সিদ্ধান্ত সম্পূর্ণ উপেক্ষা করে গত বুধবার বিকেলে অতর্কিতভাবে শিক্ষক রমজান আলীর ওপর হামলা চালায়।

​হামলায় অংশ নেওয়া ব্যক্তিরা হলেন—মথুরাপুর গ্রামের গোলাম মল্লিকের ছেলে মো. শাহজাহান মল্লিক, মফিজ মল্লিক, খান জাহান মল্লিক, শাহজাহান মল্লিকের ছেলে সজল মল্লিক, মৃত ওহাবের ছেলে শাহামুল, এনামুল এবং আশরাফ জমাদ্দারের ছেলে পিয়াস জমাদ্দার। হামলায় গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

​এ বিষয়ে জানতে অভিযুক্তদের সাথে যোগাযোগ করার চেষ্টা করেও তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। অভয়নগর থানার পুলিশ জানায়, ঘটনার বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে এবং লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।