কালিগঞ্জ রতনপুর বাজারে টিসিবির পণ্য বিতরণ নিয়ে অসন্তোষ, ৬ ওয়ার্ডের মানুষের ভোগান্তির অভিযোগ

মোঃ মহাসিন, কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি:

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার রতনপুর ইউনিয়নে টিসিবির পণ্য বিতরণের স্থান পরিবর্তন নিয়ে কার্ডধারী সুবিধাভোগীদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। দীর্ঘদিন ইউনিয়ন পরিষদ চত্বরে পণ্য বিতরণ করা হলেও শনিবার (২৬ সেপ্টেম্বর) রতনপুর বাজারে টিসিবির পণ্য বিতরণ করা হয়।

স্থানীয় ইউপি সদস্য ও সুবিধাভোগীদের অভিযোগ, ইউনিয়নের ৪, ৫, ৬, ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের অনেক কার্ডধারীকে পণ্য নিতে রতনপুর বাজারে যেতে হচ্ছে। কোনো কোনো ওয়ার্ড থেকে বাজারটির দূরত্ব প্রায় ৭ থেকে ৮ কিলোমিটার। ফলে নিম্নআয়ের, বয়স্ক ও অসহায় মানুষের যাতায়াতে অতিরিক্ত সময় ও খরচ হচ্ছে।

ইউপি সদস্য আব্দুল কাদের বলেন, আমার ওয়ার্ডের মানুষকে টিসিবির পণ্য নিতে প্রায় ৭ থেকে ৮ কিলোমিটার দূরে যেতে হচ্ছে। এটি তাদের জন্য খুবই কষ্টকর। আগে ইউনিয়ন পরিষদ চত্বরে পণ্য বিতরণ হওয়ায় সুবিধাভোগীদের জন্য সহজ ছিল।

রতনপুর ইউনিয়ন বিএনপির (ভা: প্রা:) সভাপতি রফিকুল ইসলাম বাবু বলেন, দীর্ঘদিন ধরে ইউনিয়ন পরিষদ চত্বরে টিসিবির পণ্য বিতরণ হয়ে আসছিল। হঠাৎ বিতরণকেন্দ্র রতনপুর বাজারে স্থানান্তর করায় ৪ থেকে ৯ নম্বর ওয়ার্ডের সাধারণ মানুষকে অতিরিক্ত দূরত্ব পাড়ি দিয়ে পণ্য সংগ্রহ করতে হচ্ছে। এতে নিম্নআয়ের ও অসহায় মানুষের ভোগান্তি বেড়েছে। সাধারণ মানুষের দুর্ভোগের কথা বিবেচনা করে বিষয়টি পুনর্বিবেচনা করে আগের মতো ইউনিয়ন পরিষদ চত্বরে টিসিবির পণ্য বিতরণের ব্যবস্থা করা প্রয়োজন।

স্থানীয়দের দাবি, সুবিধাভোগীদের দুর্ভোগ কমাতে টিসিবির পণ্য বিতরণের স্থান আগের মতো ইউনিয়ন পরিষদ চত্বরে নির্ধারণ করা হোক।