বাবার আদর্শকে ধারণ করে সনমান্দী ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়তে চান বিউটি আক্তার

এস এম মিঠু,সোনারগাঁ(নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সনমান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন উপজেলা বিএনপির সহ-মহিলা বিষয়ক সম্পাদিকা বিউটি আক্তার। তিনি সনমান্দী ইউনিয়নের প্রয়াত চেয়ারম্যান বিল্লাল হোসেনের মেয়ে। তাঁর প্রার্থিতার ঘোষণাকে ঘিরে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

বিউটি আক্তার দীর্ঘদিন ধরে সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত। বর্তমানে তিনি সোনারগাঁ উপজেলা বিএনপির সহ-মহিলা বিষয়ক সম্পাদিকার দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদিকার দায়িত্বেও ছিলেন।

রাজনৈতিক পরিবারে বেড়ে ওঠা বিউটি আক্তারের বাবা বিল্লাল হোসেন সনমান্দী ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। বাবার মৃত্যুর পর পারিবারিক দায়িত্ব পালনের পাশাপাশি সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় রয়েছেন তিনি।

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে তাঁর চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণায় স্থানীয়দের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার কারণে তাঁর প্রার্থিতা নিয়ে আলোচনা চলছে।

সাজালেরকান্দি গ্রামের বাসিন্দা সুরুজ মিয়া বলেন, “বিউটি আক্তার নির্বাচন করবেন শুনে খুব ভালো লাগছে। আমরা তাকে চেয়ারম্যান হিসেবে দেখতে চাই।”

ফতেপুর গ্রামের নাসির উদ্দীন বলেন, “তিনি একজন শিক্ষিত ও সম্ভ্রান্ত পরিবারের সন্তান। তাঁর বড় ছেলে বিদেশে উচ্চশিক্ষা নিচ্ছে এবং ছোট ছেলে হাফেজ।”

বিউটি আক্তারের স্বামী ও সনমান্দী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোসলেহউদ্দিন বলেন, “বিউটি আক্তার একজন সাবেক চেয়ারম্যানের সন্তান। তিনি তাঁর পিতার আদর্শকে ধারণ করে রাজনীতি করছেন। এলাকাবাসীর অনুরোধেই তিনি নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।”

চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার বিষয়ে বিউটি আক্তার বলেন, “আমার বাবার অসমাপ্ত কাজগুলো সম্পন্ন করাই আমার লক্ষ্য। সনমান্দী ইউনিয়নের মানুষের সেবা করতে আমি নির্বাচনে অংশ নিচ্ছি। ইনশাআল্লাহ, জনগণের সমর্থন নিয়েই এগিয়ে যাব।”

স্থানীয়দের ভাষ্য, বিউটি আক্তারের প্রার্থী হওয়ার ঘোষণায় সনমান্দী ইউনিয়নের আসন্ন নির্বাচন ঘিরে রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে নতুন মাত্রা যোগ হয়েছে। বিশেষ করে সাবেক চেয়ারম্যান বিল্লাল হোসেনের পারিবারিক রাজনৈতিক পরিচয় ও বিউটি আক্তারের দীর্ঘদিনের সামাজিক-রাজনৈতিক সম্পৃক্ততার কারণে তাঁর প্রার্থিতা নিয়ে স্থানীয় পর্যায়ে আলোচনা আরও জোরালো হয়েছে।