ভয়াবহ বন্যায় বিপর্যস্ত ব্যাংকক, উদ্ধারকাজে নেমেছে বিভিন্ন দল

শয্যাশায়ী রোগী ও প্রবীণদের উদ্ধারে জোর তৎপরতা, আশ্রয়কেন্দ্র স্থাপন


থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের লাত ক্রাবাং এলাকায় ভয়াবহ বন্যায় হাজারো মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। কোনো কোনো এলাকায় বন্যার পানি মানুষের গলা পর্যন্ত উঠে যাওয়ায় পরিস্থিতি জটিল আকার ধারণ করেছে। পানিবন্দি বাসিন্দাদের, বিশেষ করে শয্যাশায়ী রোগী, প্রবীণ ও ঝুঁকিপূর্ণ ব্যক্তিদের উদ্ধারে রোববার (২৭ সেপ্টেম্বর) জোরদার করা হয়েছে অভিযান।


লাত ক্রাবাংয়ের বিভিন্ন এলাকায় উদ্ধারকাজ চালাচ্ছে দেশটির পোহ তেক তুং ফাউন্ডেশনের উদ্ধারকারী দল। বাড়িঘরে আটকে পড়া বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার পাশাপাশি ক্ষতিগ্রস্তদের জন্য আশ্রয়ের ব্যবস্থাও করা হচ্ছে।

বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর একটি রম ক্লাও সরকারি আবাসিক এলাকা। সেখানে প্রায় ৩০ হাজার মানুষের বসবাস। বিপুলসংখ্যক মানুষের বসতি হওয়ায় এলাকাটির পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ব্যাংককের গভর্নর চাদচার্ট সিত্তিপুন্ট।


উদ্ধারকারীরা জানান, এখনো অনেক বাসিন্দা বাড়িঘরে আটকা রয়েছেন। তাদের মধ্যে বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের নিরাপদে সরিয়ে নিতে বাড়তি সময় ও প্রয়োজনীয় সরঞ্জামের প্রয়োজন হচ্ছে।

বন্যাকবলিতদের আশ্রয়ের জন্য কিং মংকুটস ইনস্টিটিউট অব টেকনোলজি লাত ক্রাবাংয়ে একটি অস্থায়ী আশ্রয়কেন্দ্র স্থাপন করা হয়েছে। পাশাপাশি উদ্ধার তৎপরতা বাড়াতে ব্যাংকক মাস ট্রানজিট অথরিটির কাছে অতিরিক্ত সহায়তা চাওয়া হয়েছে।


পানির গভীরতা বেশি এমন এলাকায় চলাচলের জন্য হাই-গ্রাউন্ড-ক্লিয়ারেন্স জিএমসি ট্রাক ব্যবহারের উদ্যোগ নেওয়া হয়েছে। স্থানীয় প্রশাসন ও বিভিন্ন উদ্ধারকারী দল পানি দ্রুত সরিয়ে পরিস্থিতি স্বাভাবিক করার পাশাপাশি আটকে পড়া বাসিন্দাদের উদ্ধারে কাজ চালিয়ে যাচ্ছে।