নীল আকাশে সাদা কাশফুল, শরতের মায়ায় মুগ্ধ সোনারগাঁয়ের ভাটিবন্দর

এস এম মিঠু, সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

শরতের সাদা মেঘ আর নীল আকাশের নিচে দিগন্তজুড়ে কাশফুলের শুভ্র সমারোহ। মেঘনা নদীর তীরে বাতাসে দুলছে সাদা কাশের বন। প্রকৃতির এমন মনোমুগ্ধকর দৃশ্য দেখতে প্রতিদিনই ভিড় করছেন প্রকৃতিপ্রেমী ও দর্শনার্থীরা। নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের ভাটিবন্দর এলাকায় এখন তৈরি হয়েছে এক নৈসর্গিক পরিবেশ।

মেঘনা নদীর তীরবর্তী ভাটিবন্দর ও কান্দারগাঁওয়ের মধ্যবর্তী বিস্তীর্ণ চরজুড়ে ফুটে থাকা কাশফুল শরতের সৌন্দর্যকে করেছে আরও প্রাণবন্ত। নীল আকাশ, সাদা মেঘ, সবুজের সমারোহ আর কাশফুলের শুভ্রতা—সব মিলিয়ে পুরো এলাকা যেন পরিণত হয়েছে প্রকৃতির এক অপরূপ ক্যানভাসে।

স্থানীয়দের পাশাপাশি ঢাকা, নারায়ণগঞ্জসহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে পরিবার-পরিজন ও বন্ধুদের নিয়ে ছুটে আসছেন দর্শনার্থীরা। কেউ কাশবনের সৌন্দর্য উপভোগ করছেন, কেউ ব্যস্ত ছবি ও ভিডিও ধারণে। বিশেষ করে বিকেলের দিকে দর্শনার্থীদের উপস্থিতি বাড়ছে। মেঘনার তীরে হালকা বাতাসে দুলতে থাকা কাশফুলের সঙ্গে বিকেলের সূর্যাস্ত যোগ করে দিচ্ছে বাড়তি সৌন্দর্য।

ঢাকা থেকে আসা এক দর্শনার্থী বলেন, “শহরের ব্যস্ত জীবনে এমন নির্মল পরিবেশ খুব একটা পাওয়া যায় না। কাশফুলের এই বিশাল মাঠ আর নদীর পাড়ের পরিবেশ সত্যিই মন ভালো করে দেওয়ার মতো। পরিবার নিয়ে কিছুটা সময় কাটানোর জন্য জায়গাটি বেশ চমৎকার।”

নারায়ণগঞ্জ থেকে আসা আরেক দর্শনার্থী বলেন, “ছবি ও ভিডিওতে কাশফুলের সৌন্দর্য অনেক দেখেছি। কিন্তু এখানে এসে সামনাসামনি দেখার অনুভূতি আলাদা। চারদিকে সাদা কাশফুল, সামনে নদী আর খোলা আকাশ—পুরো পরিবেশটাই অসাধারণ।”

স্থানীয় এক বাসিন্দা বলেন, “প্রতিবছর শরৎ এলেই এই এলাকায় কাশফুল ফুটে। তখন দূর-দূরান্ত থেকে মানুষ ঘুরতে আসে। বিকেলের সময় সবচেয়ে বেশি লোকজন দেখা যায়। এতে এলাকার মানুষের মধ্যেও উৎসাহ তৈরি হয়।”

স্থানীয়দের মতে, ভাটিবন্দর-কান্দারগাঁও এলাকার এই প্রাকৃতিক সৌন্দর্য সঠিকভাবে সংরক্ষণ করা গেলে এটি স্থানীয় দর্শনার্থীদের পাশাপাশি বাইরের মানুষের কাছেও আকর্ষণীয় একটি পর্যটন স্পট হিসেবে পরিচিতি পেতে পারে।

তবে দর্শনার্থীদের বাড়তি চাপের সঙ্গে পরিবেশ দূষণের আশঙ্কাও রয়েছে। কাশবনে প্লাস্টিক, পলিথিন ও খাবারের প্যাকেট না ফেলা এবং অপ্রয়োজনে কাশগাছ নষ্ট না করার আহ্বান জানিয়েছেন স্থানীয়রা।

আরেক স্থানীয় বাসিন্দার ভাষ্য, “মানুষ ঘুরতে আসবে, প্রকৃতির সৌন্দর্য উপভোগ করবে—এটাই স্বাভাবিক। কিন্তু কেউ যেন ময়লা-আবর্জনা ফেলে পরিবেশ নষ্ট না করেন। সবাই সচেতন হলে এই সৌন্দর্য প্রতিবছরই ধরে রাখা সম্ভব।”

প্রকৃতিপ্রেমীদের মতে, শরতের কাশফুলের এই শুভ্রতা অল্প সময়ের জন্য প্রকৃতিতে দেখা যায়। তাই মেঘনা নদীর পাড়ের ভাটিবন্দরের এই নৈসর্গিক সৌন্দর্য উপভোগের পাশাপাশি তা সংরক্ষণে দর্শনার্থী ও স্থানীয় সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।