প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৬
সময়: ০৭:৫৫ পিএম
পঞ্চগড়ে সাংবাদিক দেখে ডেঙ্গু রোগীদের আলমারি থেকে মশারি দিলেন নার্সরা
মোঃ মাহমুদুল হাসান বাবু পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে ভর্তি রোগীদের মশারি দেওয়ার কথা থাকলেও তা আলমারিতে রেখে দেওয়ার অভিযোগ উঠেছে নার্সদের বিরুদ্ধে। এ সময় সাংবাদিক ওয়ার্ডে প্রবেশ করার পর আলমারি থেকে মশারি বের করে রোগীদের বিছানায় টানানোর চেষ্টা করেন নার্সরা।
আজ সোমবার দুপুরে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডের সার্বিক পরিস্থিতি দেখতে গিয়ে এই চিত্র দেখা যায়। সাংবাদিক ডেঙ্গু ওয়ার্ডে প্রবেশ করলে সেখানে গিয়ে দেখা যায়, ডেঙ্গু ওয়ার্ডে পাঁচজন রোগী ভর্তি রয়েছেন। তবে কোনো রোগীর বিছানাতেই মশারি ছিল না। এর মধ্যে দুজন রোগীকে কোনো মশারিই দেওয়া হয়নি বলে জানান রোগী ও স্বজনরা। এর কিছুক্ষণ পরই নার্সরা আলমারি থেকে মশারি বের করে রোগীদের বিছানায় টানানোর চেষ্টা করেন।
হাসপাতালে ভর্তি রোগীদের একজন সদর উপজেলার রাজনগর এলাকার বাসিন্দা জুবায়ের হাসান। তিনি রোববার বিকেলে ডেঙ্গু আক্রান্ত হয়ে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি হন। ভর্তি হওয়ার প্রায় ২১ ঘণ্টা পার হলেও তাকে মশারি দেওয়া হয়নি বলে জানান তিনি।
এ বিষয়ে কর্তব্যরত নার্সদের কাছে জানতে চাওয়া হলেও তারা কোনো বক্তব্য দেননি। পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের নাসিং সুপারভাইজার রিনা বেগম বলেন, মশারি পর্যাপ্ত পরিমাণে মশারি দেওয়া আছে ডেঙ্গু ওয়ার্ডে। আমি ফোন করে জানতে চেয়েছি কেনো দেয়নি, তিনি উওর দিয়েছেন "ভুল হয়েছে আর হবে না"। আমি এবিষয়ে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসারকে বিষয়টি জানাবো।
পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের ভারপ্রাপ্ত সিভিল সার্জন আফরোজা বেগম রিনা বলেন, ডেঙ্গু ওয়ার্ডে পর্যাপ্ত পরিমাণ মশারি দেওয়া আছে। রোগীদের কেন মশারি দেওয়া হয়নি, বিষয়টি খোঁজ নিয়ে দেখা হবে।