সোনারগাঁয়ে র‍্যাব পরিচয়ে প্রতারণা,দুই সদস্য গ্রেফতার

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চেকপোস্টে অভিযান চালিয়ে RAB সদস্য পরিচয় দেওয়া দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে RAB-এর চারটি কটি, দুটি ওয়াকিটকি, একটি হ্যান্ডকাফ, একটি RAB-এর আইডি কার্ড, পিস্তলের কভার, ওয়ার টাই এবং একটি মোটরসাইকেলসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা ১০ মিনিটের দিকে উপজেলার মেঘনা টোল প্লাজার পশ্চিম পাশে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকা ইনকামিং লেনে স্থাপিত চেকপোস্টে এ অভিযান চালানো হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মো. সোহেল (৩৫) ও মো. সাজ্জাদ হোসেন সোহাগ (৩০)। পুলিশ জানায়, তারা RAB সদস্য পরিচয় দিয়ে চলাফেরা করছিলেন।

পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদকবিরোধী কার্যক্রম জোরদারের অংশ হিসেবে সোনারগাঁ থানা পুলিশের একটি দল মহাসড়কে চেকপোস্ট পরিচালনা করছিল। এ সময় সন্দেহজনকভাবে চলাচলকারী দুই ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। একপর্যায়ে তারা RAB সদস্য হিসেবে পরিচয় দেওয়ার পর তাদের সঙ্গে থাকা সরঞ্জাম যাচাই করে পুলিশ।

পরে তাদের হেফাজত থেকে চারটি কালো রঙের RAB কটি উদ্ধার করা হয়। কটিগুলোর সামনে ও পেছনে RAB লেখা ছিল। এছাড়া দুটি কালো রঙের ওয়াকিটকি, একটি হ্যান্ডকাফ, একটি পিস্তলের কভার এবং একটি RAB আইডি কার্ড উদ্ধার করা হয়। আইডি কার্ডে ‘MD SUMON HOSSAIN’ নামে একজন কনস্টেবলের তথ্য, আইডি নম্বর ৩৫০৪৫০ এবং পিন নম্বর ২৪৮০০ উল্লেখ রয়েছে।

এ ছাড়া একটি Walton অ্যান্ড্রয়েড মোবাইল, একটি Redmi অ্যান্ড্রয়েড মোবাইল, কালো রঙের একটি ব্যাগের ভেতর রাখা ৯০টি কালো প্লাস্টিকের ওয়ার টাই এবং একটি FZ-1 Version মোটরসাইকেল জব্দ করা হয়। মোটরসাইকেলটির রেজিস্ট্রেশন নম্বর ঢাকা মেট্রো-ল-২৫-৮৬০৫।

সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল বারিক, পিপিএম-এর তত্ত্বাবধানে সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) চন্দন দে-এর নেতৃত্বে পুলিশের দলটি এ অভিযান পরিচালনা করে। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে। আইনানুগ প্রক্রিয়া শেষে তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।