প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৬
সময়: ০৯:৪৬ পিএম
দুর্গাপূজায় সম্প্রীতি নষ্টের চেষ্টা করলে ‘বোকার স্বর্গে’ থাকবে: পানিসম্পদ প্রতিমন্ত্রী
মোঃ মাহমুদুল হাসান বাবু, পঞ্চগড় প্রতিনিধি:
পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, দুর্গাপূজাকে কেন্দ্র করে হিন্দু-মুসলমানের সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করলে কোনো অপশক্তি সফল হবে না। পূজা মণ্ডপে কোনো অপশক্তি হামলা বা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তারা ‘বোকার স্বর্গে’ বসবাস করবে।
আজ শনিবার ( ৩ অক্টোবর) দুপুরে পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার শালডাঙ্গা ইউনিয়নে ধনিরাম সেনের বাড়ি হয়ে হরিদিঘী থেকে কালীবাড়ি পর্যন্ত রাস্তা উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
ফরহাদ হোসেন আজাদ বলেন, আমি গতকালকেও আমার বোদা উপজেলায় শারদীয় দুর্গাপূজা যেন স্বতঃস্ফূর্তভাবে, নির্বিঘ্নে, নিরাপদে ও স্বাচ্ছন্দ্যে আমাদের সনাতন ধর্মের দাদারা, দিদিরা, বৌদিরা, কাকিরা, পিসিরা পালন করতে পারেন, সে জন্য সভা করেছি।
তিনি বলেন, সপ্তমী দিন থেকে দলীয়ভাবে ২৪ ঘণ্টা বিভিন্ন সংগঠনের নেতৃত্বে এবং হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সহযোগিতায় প্রশাসনকে সার্বিক সহায়তা করতে সহায়তা টিম গঠন করা হয়েছে। এসব টিম পূজা মণ্ডপে সার্বক্ষণিক দায়িত্ব পালন করবে।
প্রতিমন্ত্রী বলেন, কোনো অপশক্তি যদি আমাদের হিন্দু-মুসলমানের যে একটি সম্প্রীতি, সেই সম্প্রীতিকে বিনষ্ট করার জন্য পূজা মণ্ডপকেও টার্গেট করার চেষ্টা করে, আমি মনে করি তারা বোকার স্বর্গে বসবাস করবে।
তিনি আরও বলেন, বিগত বিশেষ করে নির্বাচন থেকে শুরু করে আমাদের সনাতন ভাইয়েরা আমাদের বিএনপি সরকারের প্রতি যে আস্থা ও বিশ্বাস রেখেছেন, ইনশাল্লাহ তাদের শুধু এই পূজা নয়, তাদের সার্বিক নিরাপত্তা দেওয়ার জন্য আমাদের সরকার সার্বক্ষণিকভাবে প্রশাসনকে নির্দেশনা দিয়েছে, দলীয় নেতাকর্মীদেরও নির্দেশনা দিয়েছে।
ফরহাদ হোসেন আজাদ বলেন, ইনশাল্লাহ সেইভাবেই আমরা আমাদের কাজগুলো করে একটি সুন্দর শারদীয় দুর্গাপূজা উদযাপন করব।