অভয়নগরের নওয়াপাড়ায় শ্রমিক সরদারকে মারধরঃ ৩ লাখ ৩৮ হাজার টাকা ছিনতাই

আমিনুর রহমানঃ

যশোরের অভয়নগরে পূর্বের চুরি মামলার জেরে এক শ্রমিক সরদারকে মারধর করে ৩ লাখ ৩৮ হাজার ৫০০ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ১৩ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৩ থেকে ৬ জনকে আসামি করে অভয়নগর থানায় মামলা দায়ের করা হয়েছে।

মামলার বাদী মানিক সরদার (৩২) উপজেলার মশরহাটি গ্রামের মৃত মতিউর রহমান সরদারের ছেলে। তিনি মশরহাটি এলাকার পরশ অটো রাইচ মিল ও মেসার্স সাথী অ্যান্ড ব্রাদার্স ময়দা মিলের ঘাট ও লেবার সরদার হিসেবে কাজ করেন।
এজাহার সূত্রে জানা যায়, প্রায় পাঁচ-ছয় মাস আগে ওই মিলের ভেতর থেকে লোহার মালামাল চুরির ঘটনায় থানায় মামলা হয়। ওই মামলায় মানিক সরদার বাদী হয়ে এজাহার দায়ের করেন। মামলার আসামিরা জামিনে মুক্ত হওয়ার পর থেকে তাকে মামলা তুলে নেওয়ার জন্য হুমকি দিয়ে আসছিলেন এবং মোটা অঙ্কের টাকা দাবি করছিলেন বলে অভিযোগ করা হয়েছে।

এজাহারে বলা হয়, গত ১ অক্টোবর (বৃহস্পতিবার) রাত আনুমানিক ৮টা ১০ মিনিটে নওয়াপাড়া স্টেশন বাজার এলাকার এ রহমান পরশ অটো রাইচ মিলের হেড অফিস থেকে শ্রমিকদের বিল বাবদ ৩ লাখ ৩৮ হাজার ৫০০ টাকা নিয়ে মোটরসাইকেলে মশরহাটি গ্রামের মেসার্স সাথী অ্যান্ড ব্রাদার্স ময়দা মিলের সামনে যান মানিক। সেখানে আগে থেকে অবস্থান নেওয়া অভিযুক্তরা তার গতিরোধ করেন।

অভিযোগ অনুযায়ী, এক আসামির নির্দেশে কয়েকজন তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। পূর্বের মামলা করার ‘সাধ মিটিয়ে দেওয়ার’ কথা বলে তারা লোহার রড, হকিস্টিক ও লাঠিসোঁটা দিয়ে মারধর করেন। এ সময় কয়েকজন তার দুই হাত ধরে রাখেন এবং একজন তার হাতে থাকা সাদা কাপড়ের ব্যাগ থেকে শ্রমিকদের বিলের ৩ লাখ ৩৮ হাজার ৫০০ টাকা নিয়ে নেন।

মানিকের চিৎকারে স্থানীয় কয়েকজন এগিয়ে এলে অভিযুক্তরা তাকে হত্যার হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

পরে স্থানীয় লোকজন ও পরিবারের সদস্যরা গুরুতর আহত মানিক সরদারকে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তিনি বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছেন বলে এজাহারে বলা হয়েছে।

এ বিষয়ে অভয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নুরুজ্জামান মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।