প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৬
সময়: ১২:০৫ পিএম
সিরাজগঞ্জে সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, নিয়োগ বাতিল করে নিরপেক্ষ তদন্ত ও লটারির মাধ্যমে বৈধ ডিলার নিয়োগের দাবি
মুকুল হোসেন:
সিরাজগঞ্জ সদর উপজেলার ২ নম্বর বাগবাটি ইউনিয়নে সার ডিলার নিয়োগে অনিয়ম ও স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ করেছেন মেসার্স হাসান এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মোঃ শাহ আলম। অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে নিয়োগ দেওয়া হয়ে থাকলে তা বাতিল করে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে বৈধভাবে সার ডিলার নিয়োগের দাবি জানিয়েছেন তিনি।
অভিযোগ সূত্রে জানা যায়, মেসার্স হাসান এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো. শাহ আলম বাগবাটি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা। সার ডিলার নিয়োগের বিজ্ঞপ্তি অনুযায়ী সার বিতরণ সংক্রান্ত সমন্বিত নীতিমালা ২০২৬-এর শর্ত অনুসরণ করে তিনি গত ৯ সেপ্টেম্বর সার ডিলার নিয়োগের জন্য আবেদন করেন।
আবেদনকারীর দাবি, গত ১৭ সেপ্টেম্বর বাগবাটি ইউনিয়নে সার ডিলার নিয়োগের লক্ষ্যে তদন্ত কার্যক্রম পরিচালনা করা হয় এবং একই দিনে তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয়। পরবর্তীতে তিনি জানতে পারেন, মোট ২২ জন আবেদনকারীর মধ্যে তিনজনকে নির্বাচিত করা হয়েছে এবং ১৯ জনের আবেদন বাতিল করা হয়েছে। নির্বাচিত তিনজনের মধ্যে তার নাম না থাকায় তার আবেদনও বাতিল হয়েছে বলে জানতে পারেন তিনি।
তবে কী কারণে তার আবেদন বাতিল করা হয়েছে, সে বিষয়ে তাকে স্পষ্ট কোনো কারণ জানানো হয়নি বলে অভিযোগ করেছেন মোঃ শাহ আলম। এ কারণে তিনি বিষয়টি পুনরায় সুষ্ঠু ও নিরপেক্ষভাবে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
এ বিষয়ে তিনি সিরাজগঞ্জ সার নিয়োগ কমিটির সচিব এবং সার-বীজ ডিলার নিয়োগ মনিটরিং কমিটির সভাপতি, কৃষি মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয় বরাবর লিখিত অভিযোগ করেছেন বলে জানান।
অভিযোগকারী মোঃ শাহ আলম বলেন, আমি নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখিত সব শর্ত মেনে আবেদন করেছি। আমার আবেদন কেন বাতিল করা হয়েছে, সেটি আমি জানতে পারিনি। তাই পুনরায় নিরপেক্ষ তদন্ত করে স্বচ্ছতার সঙ্গে লটারির মাধ্যমে সার ডিলার নিয়োগের দাবি জানিয়েছি।
এদিকে স্থানীয় সচেতন মহলের দাবি, সার ডিলার নিয়োগের ক্ষেত্রে সব আবেদনকারীর যোগ্যতা ও কাগজপত্র যথাযথভাবে যাচাই করে স্বচ্ছ ও নিরপেক্ষ প্রক্রিয়ায় সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন। অভিযোগের বিষয়ে সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত যোগ্য ও ব্যবসায়িকভাবে সক্ষম ব্যক্তিকে সার ডিলার হিসেবে নিয়োগ দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন তারা।