অসহায় রফিকুল ইসলামের পাশে মানবতার দুর্গ, উপহার দিল হুইলচেয়ার

নিজস্ব প্রতিবেদক : 

বয়সের ভারে নুয়ে পড়া শরীর, তার ওপর অসুস্থতা। হাঁটাচলার শক্তিটুকুও হারিয়ে বিছানায় পড়ে আছেন রফিকুল ইসলাম রশিদ। একসময় নিজের পায়ে হেঁটে চলাফেরা করলেও আজ অন্যের সহযোগিতা ছাড়া নড়াচড়া করাটাই তাঁর জন্য কঠিন। অসুস্থতা আর অসহায়ত্বের মধ্যে কাটছে তাঁর দিন।

বৃদ্ধ বয়সে এমন অসহায়ত্ব যেন তাঁর জীবনের এক কঠিন বাস্তবতা। স্বাভাবিকভাবে চলাফেরা করতে না পারায় ঘরের বিছানায় পড়ে থাকতে হয় তাঁকে। এমন পরিস্থিতিতে তাঁর কষ্ট কিছুটা লাঘব করতে মানবিক উদ্যোগ নিয়ে পাশে দাঁড়িয়েছে মানবতার দুর্গ সমাজকল্যাণ সংগঠন।

সংগঠনটির উদ্যোগে অসুস্থ রফিকুল ইসলাম রশিদকে একটি হুইলচেয়ার উপহার দেওয়া হয়েছে। ছোট্ট এই উপহারটি পেয়ে তিনি আনন্দে আত্বহারা।
এই হুইল চেয়ারটিই তাঁর জীবনে এনে দিতে পারে কিছুটা স্বস্তি, চলাফেরার নতুন সুযোগ এবং বেঁচে থাকার নতুন আশার আলো।

রফিকুল ইসলাম রশিদের বাড়ি নেত্রকোনার কলমাকান্দা উপজেলার পোগলা ইউনিয়নের গুতমন্ডল গ্রামে। হুইলচেয়ার গ্রহণ করার  সময় রফিকুল ইসলাম ও তাঁর স্ত্রী আনন্দের সহিত নিজেদের অনুভূতি প্রকাশ করেন।

এ সময় উপস্থিত ছিলেন মানবতার দুর্গ সমাজকল্যাণ সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি আশিকুর রহমান, সাধারণ সম্পাদক শেখ সোহেল রানা শাকিম, সহসভাপতি রাফিন মুন্না এবং সহসাংগঠনিক সম্পাদক মোস্তাকিম শেখ শুভ।

সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি আশিকুর রহমান বলেন, “আমরা ২০২০ সাল থেকে মানুষের জন্য কাজ করে আসছি। সমাজের মানুষের জন্য ভালো কিছু করার চেষ্টা করছি। আমাদের এই মানবিক কার্যক্রম অব্যাহত রাখতে সবার সহযোগিতা কামনা করছি।”

সাধারণ সম্পাদক শেখ সোহেল রানা শাকিম বলেন, “আমরা আমাদের সদস্য মুন্নার মাধ্যমে রফিকুল ইসলাম রশিদের অসুস্থতা ও অসহায়ত্বের কথা জানতে পারি। এরপর আমরা একটি হুইলচেয়ারের ব্যবস্থা করি এবং আজ তাঁর হাতে সেটি পৌঁছে দিতে পেরেছি।”

মানবতার দুর্গ সমাজকল্যাণ সংগঠনের এই উদ্যোগে ফুটে উঠেছে মানবিকতা ও সহমর্মিতার এক উজ্জ্বল দৃষ্টান্ত। অসহায় মানুষের মুখে হাসি ফোটানোর এমন প্রচেষ্টা সমাজের অন্যদেরও মানবিক কাজে এগিয়ে আসতে অনুপ্রাণিত করবে।

একটি হুইলচেয়ার হয়তো একজন মানুষের সব কষ্ট দূর করতে পারে না, কিন্তু তাঁর চলার পথে কিছুটা স্বস্তি এনে দিতে পারে। আর সেই স্বস্তির মধ্যেই লুকিয়ে থাকে মানবতার প্রকৃত সৌন্দর্য।