প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৬
সময়: ০৫:৪৭ পিএম
গজারিয়ায় গৃহবধূকে কু-প্রস্তাব দেওয়ার অভিযোগে থানায় লিখিত অভিযোগ
শাকিল প্রধান:
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের রায়পাড়া গ্রামে এক গৃহবধূকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ উঠেছে মো. উজ্জল মিয়া (৫০) নামে এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী নাবিলা ইসলাম (২৩) গজারিয়া থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, নাবিলা ইসলাম বালুয়াকান্দি ইউনিয়নের ছোট রায়পাড়া গ্রামের নিজাম মিয়ার মেয়ে এবং মামুন মিয়ার স্ত্রী। লিখিত অভিযোগে তিনি উল্লেখ করেন, তার স্বামী শারীরিক প্রতিবন্ধী। অভিযুক্ত উজ্জল মিয়া বিভিন্ন সময় তাকে খারাপ প্রস্তাবসহ উত্ত্যক্ত করে আসছিলেন। বিষয়টি নিয়ে তিনি বিরক্তি প্রকাশ করলেও অভিযুক্ত তার আচরণ বন্ধ করেননি বলে অভিযোগে উল্লেখ করা হয়।
অভিযোগে আরও বলা হয়, গত ২০ সেপ্টেম্বর ২০২৬ রাত আনুমানিক ৭টার দিকে উজ্জল মিয়া ওই নারীর বাড়িতে গিয়ে তাকে কুপ্রস্তাব দেন। এতে তিনি রাজি না হওয়ায় অভিযুক্ত তাকে এলোপাতাড়ি কিল-ঘুষি মারেন বলে অভিযোগ করেন নাবিলা। এতে শরীরের বিভিন্ন স্থানে নীলাফুলা জখম হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এ সময় তার ডাক-চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্ত উজ্জল মিয়া তাকে বিভিন্ন ধরনের ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেন বলে অভিযোগ করেন নাবিলা। পরে বিষয়টি স্বজনদের সঙ্গে আলোচনা করে গজারিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তিনি।
অভিযোগে উজ্জল মিয়ার ছেলে মো. তারেক (২৩)-এর নামও উল্লেখ করা হয়েছে।
ভুক্তভোগী নাবিলা ইসলাম ঘটনার সুষ্ঠু তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশের কাছে আবেদন জানিয়েছেন।
তবে অভিযুক্ত উজ্জল বলেন, সম্পূর্ণ ঘটনা মিথ্যা, নাবিলা ইসলাম আমার কাছে টাকা দার চেয়েছিল। আমি না দেওয়া আমার শত্রুপক্ষের সাথে মিলে মিথ্যা থানায় অভিযোগ দিয়েছে।