কুলিয়ারচরে দিনে-দুপুরে চালককে মারধর করে অটোরিকশা নিয়ে গেছে দুর্বৃত্তরা

মোঃ মাইন উদ্দিন, কিশোরগঞ্জ প্রতিনিধি:

কিশোরগঞ্জের কুলিয়ারচরে রফিকুল ইসলাম নামে এক অটোচালককে মারধর করে অচেতন অবস্থায় সড়কের পাশে ফেলে রেখে তাঁর অটোরিকশা নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার ছয়সূতি ইউনিয়নের নোয়াগাঁও বাসস্ট্যান্ড এলাকায় ভৈরব-ময়মনসিংহ আঞ্চলিক সড়কের পাশ থেকে স্থানীয়রা তাঁকে উদ্ধার করেন।

রফিকুল ইসলাম উপজেলার তারাকান্দি এলাকার বাসিন্দা। স্থানীয়দের ধারণা, অটোরিকশা চালানোর সময় দুর্বৃত্তরা তাঁকে মারধর করে অচেতন অবস্থায় সড়কের পাশে ফেলে রেখে অটোরিকশাটি নিয়ে যেতে পারে।
পরে স্থানীয়রা রফিকুল ইসলামকে কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

স্থানীয়দের ধারণা তাঁকে অন্য কোথাও মারধর করে মাইক্রোবাস যোগে নোয়াগাঁও বাসস্ট্যান্ড এলাকায় এনে ফেলে রাখা হয়েছে। তাঁর অটোরিকশাটি কুলিয়ারচর থেকে নিয়ে যাওয়া হয়েছে- এমন বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ হয়েছে।

চালক রফিকুল ইসলাম ঋণ করে প্রায় এক মাস আগে অটোরিকশাটি কিনেছিলেন। নতুন অটোরিকশাটি হারিয়ে তিনি আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।
এ ঘটনায় স্থানীয় অটোরিকশাচালকদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তাঁরা।