হরিরামপুরে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রস্তুতি সভা

মানিকগঞ্জ প্রতিনিধি:

মানিকগঞ্জের হরিরামপুরে শারদীয় দুর্গোৎসব-২০২৬ উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুর ১২টায় হরিরামপুর থানা প্রাঙ্গণে থানার উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।

হরিরামপুর থানার এসআই এমদাদুল হকের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন থানার অফিসার ইনচার্জ (ওসি) জে.ও.এম তৌফিক আজম।

সভায় উপস্থিত ছিলেন হরিরামপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা বাকী বিল্লাহ, উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক বিল্টু দত্ত, সাবেক সাধারণ সম্পাদক বাবু নেপাল হালদার, উপজেলা হিন্দু মহাজোটের সভাপতি লিটন হালদারসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এ ছাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধি এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও সভায় উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা আসন্ন শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের ওপর গুরুত্বারোপ করেন। এ সময় উপজেলার বিভিন্ন পূজামণ্ডপে নিরাপত্তা ব্যবস্থা জোরদার, দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত এবং যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়।

দুর্গোৎসবকে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেওয়া হয়।