মানিকগঞ্জে সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা; বিএমএসএস হরিরামপুর শাখার তীব্র নিন্দা ও প্রতিবাদ

মানিকগঞ্জ প্রতিনিধি:

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় পূর্ব শত্রুতার জের ধরে দৈনিক প্রভাতী বাংলাদেশের স্টাফ রিপোর্টার ও সাটুরিয়া প্রেসক্লাবের সিনিয়র সদস্য মো. জাহাঙ্গীর হোসেনের ওপর অতর্কিত সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। গত বুধবার (৬ অক্টোবর) রাত পৌনে ১০টার দিকে সাটুরিয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

এই নৃশংস ও বর্বরোচিত হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস) হরিরামপুর উপজেলা শাখার সাংবাদিক নেতৃবৃন্দ।
ভুক্তভোগী জাহাঙ্গীর হোসেনের পারিবারিক ও এজাহার সূত্রে জানা গেছে, সাটুরিয়া বাজারের বাসিন্দা মো. রাজু আহম্মেদের ছেলে মো. আমানত হোসেনের (২২) সাথে বেশ কিছু দিন ধরে জাহাঙ্গীর হোসেনের বিরোধ চলে আসছিল। ঘটনার রাতে জাহাঙ্গীর হোসেন সাটুরিয়া বাজারে অবস্থিত রহমান মার্কেটে তার নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠান (১ নং দোকান) বন্ধ করে বাড়ি ফিরছিলেন। পথে ওত পেতে থাকা আমানত হোসেন তাকে উদ্দেশ্য করে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে। জাহাঙ্গীর হোসেন এর প্রতিবাদ করলে, একপর্যায়ে আমানত হঠাৎ করে ধারালো দেশীয় অস্ত্র দিয়ে তার মাথায় আঘাত করে। এতে তার মাথা ফেটে রক্তাক্ত জখম হয়। এ সময় তার কাছে থাকা ব্যবসার নগদ টাকাও ছিনিয়ে নেওয়া হয় বলে অভিযোগ করেন ভুক্তভোগী।

জাহাঙ্গীর হোসেনের চিৎকার শুনে বাজারের আশেপাশের ব্যবসায়ী ও পথচারীরা এগিয়ে আসলে হামলাকারী আমানত হোসেন ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে স্থানীয়রা রক্তাক্ত ও গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন। উল্লেখ্য, সাংবাদিক জাহাঙ্গীর হোসেন এলাকার একজন বিশিষ্ট ব্যবসায়ী, ক্রীড়াবিদ এবং সাটুরিয়া প্রেসক্লাবের একজন সম্মানিত সিনিয়র সদস্য।

সাংবাদিকের ওপর এমন হামলার ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন বিএমএসএস হরিরামপুর উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ আলী। তিনি এক বিবৃতিতে বলেন, "একজন গণমাধ্যম কর্মীর ওপর প্রকাশ্য দিবালোকে এমন অতর্কিত হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমরা অবিলম্বে দোষীকে চিহ্নিত করে আইনের আওতায় আনার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।"

সংগঠনটির সাধারণ সম্পাদক মো. আমজাদ মীর বলেন, "গণমাধ্যম কর্মীদের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। আমরা প্রশাসনের কাছে জোর দাবি জানাই, দ্রুত সময়ের মধ্যে হামলাকারী আমানতকে গ্রেপ্তার করে উপযুক্ত বিচার নিশ্চিত করা হোক।"

এ বিষয়ে সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোশারফ হোসেন মুঠোফোনে জানান, "হামলার ঘটনায় সাংবাদিক জাহাঙ্গীর হোসেন বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে দেখছে এবং আসামিকে দ্রুত গ্রেপ্তারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।”